নিজস্ব প্রতিবেদক : পদোন্নতির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা।
সোমবার (১ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে আন্দোলনে নামেন তারা। একই সঙ্গে রেজিস্ট্রার কার্যালয়সহ সকল প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
আন্দোলনরত শিক্ষকরা জানান, শিক্ষকদের দাবি ও চলমান সংকট নিরসনে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হলেও সেখানে কোনো কার্যকর এজেন্ডা ছিল না। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নীতিমালা অনুযায়ী সংকট সমাধানের উদ্যোগ না নিয়ে অধিকাংশ সিন্ডিকেট সদস্যের মতামত উপেক্ষা করে উপাচার্য নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন তারা। এতে বিশ্ববিদ্যালয় আরও গভীর সংকটের দিকে যাচ্ছে বলেও দাবি করেন শিক্ষকরা।
এর প্রতিবাদে সাধারণ সভা করে ফের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণার পাশাপাশি উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই সঙ্গে প্রশাসনিক দায়িত্ব থেকে শিক্ষকদের পদত্যাগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান আন্দোলনকারীরা।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, সিন্ডিকেট সভা ইতিবাচক হয়েছে এবং শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়। এরপরও কোনো সমস্যা থাকলে ক্লাস-পরীক্ষা বন্ধ না করে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল থেকে শিক্ষকদের পদোন্নতির দাবিতে আন্দোলন শুরু হয়। প্রথমে কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচি পালন করা হয়। পরে ২৮ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।