মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চর কাটার অভিযোগ

রিয়াজ ফরাজী: ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একতা বাজারসংলগ্ন চর থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী মহল আইনের তোয়াক্কা না করে নিয়মিত চর কেটে মাটি ও বালু উত্তোলন করে যাচ্ছে। এতে ক্রমেই অস্তিত্বসংকটে পড়ছে চরটি। অব্যাহতভাবে মাটি উত্তোলন করা হলে অচিরেই চরটি মেঘনা নদীর গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একতা বাজারের সামনের এই চরটি এলাকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং নদীভাঙন প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু যেভাবে চরটির বিভিন্ন অংশ থেকে মাটি ও বালু কেটে নেওয়া হচ্ছে, তাতে নদীর গতিপথ পরিবর্তন, তীরবর্তী এলাকায় ভাঙন এবং বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়তে পারে।

সবচেয়ে উদ্বেগের বিষয়, আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও কীভাবে প্রকাশ্যে এমন কার্যক্রম চলছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আদালতের নির্দেশনা যদি বাস্তবায়নই না হয়, তাহলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কার? সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি ও কার্যকর পদক্ষেপ নিয়েও স্থানীয়দের মধ্যে অসন্তোষ বাড়ছে।

এলাকাবাসীর প্রশ্ন, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনকারীরা কি প্রশাসনের চেয়েও শক্তিশালী? আদালতের নির্দেশনা উপেক্ষা করে দিনের পর দিন এমন কর্মকাণ্ড চালানোর সাহস তারা কোথা থেকে পাচ্ছে? স্থানীয় প্রশাসন বিষয়টি অবগত থাকলে এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি কেন?

এ অবস্থায় ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, একতা বাজারসংলগ্ন চর রক্ষায় অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

স্থানীয়দের মতে, জনস্বার্থসংশ্লিষ্ট এমন ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে শুধু একটি চরই হারিয়ে যাবে না, ভবিষ্যতে নদীভাঙনের ঝুঁকিতে পড়তে পারে আশপাশের জনপদও। এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বের ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়তে পারে।

তাই বিষয়টি রাজনৈতিক বিবেচনায় নয়, জনস্বার্থ ও আইনের শাসনের প্রশ্নে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, সংসদ সদস্যের উদ্যোগে প্রশাসন দ্রুত সরেজমিন তদন্ত করবে এবং আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করে চর রক্ষায় কার্যকর ব্যবস্থা নেবে।

আরো পড়ুন

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেন্দিগঞ্জ থানার (ওসি) মো: মমিন উদ্দিন

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ: বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ক্যাটাগরি ‘বি’-তে শ্রেষ্ঠ অফিসার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *