মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

এআইনির্ভর নয়, জ্ঞাননির্ভর হতে হবে-শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর নির্ভরশীল হলে চলবে না; জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে। শুধু তথ্য নয়, জ্ঞান থাকতে হবে, আর জ্ঞানের পাশাপাশি থাকতে হবে প্রজ্ঞা। এআই দিয়ে শুধু ঘন ঘন রিপোর্ট লিখলেই চলবে না; এআইকে বিচার করার মতো সক্ষমতাও অর্জন করতে হবে।

তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বপ্ন ছিল। শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে আসতে হবে; মুখস্থনির্ভর পড়াশোনায় আর চলবে না। বরিশালের কারিগরি শিক্ষার উন্নয়নে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের পলিটেকনিক ইনস্টিটিউটের আদলে ছয় মাসের মধ্যে আধুনিকায়ন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট নিরসনের আশ্বাস দিয়ে তিনি বলেন, বিভাগীয় এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও অডিটোরিয়াম নির্মাণের জন্য বাজেট প্রস্তুত করা হয়েছে; চলতি বছরেই এসব কাজ শুরু হবে। তবে শিক্ষার্থীদের অন্যতম দাবি আবাসিক হল নির্মাণের কাজ এ বছর শুরু করা সম্ভব হচ্ছে না; আগামী বাজেটে হল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

ক্যাম্পাসের আয়তন বাড়াতে আরও ৫০ একর জমি চাওয়া হয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

এ ছাড়া বক্তব্য দেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চর কাটার অভিযোগ

রিয়াজ ফরাজী: ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একতা বাজারসংলগ্ন চর থেকে অবৈধভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *