বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

বরিশালে ২৪ ঘন্টায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৮

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। অভিযানকালে মাদক, মানবপাচার ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২০ মে) বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৪টি থানা ও গোয়েন্দা শাখার পৃথক আভিযানিক টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৫ গ্রাম গাঁজা ও ১৬০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪ জন, নিয়মিত মামলার ৭ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ১ জনসহ মোট ১৮ জন অভিযুক্ত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, মানবপাচার ও অসামাজিক কার্যকলাপ সংঘটন চক্রের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে ৬ সদস্যকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, কোতোয়ালী মডেল থানাধীন পোর্ট রোড এলাকার আবাসিক হোটেল ‘পপুলার’-এ অভিযান চালিয়ে চক্রের সদস্য মো. জাফর হোসেন (৩৫), মো. আল আমিন বেপারী (৩০), মো. শাওন সিকদার (২১), মোসা. সুমাইয়া ইসলাম (২২), মিঠুন দেবনাথ (২৮) ও মোসা. রুনা আক্তারকে (২২) আটক করা হয়।

অভিযান চলাকালে হোটেলটি থেকে অসামাজিক কার্যকলাপের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মানবপাচার ও অনৈতিক কার্যকলাপ প্রতিরোধ আইনে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

অন্যদিকে নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবাসহ সুজন হাওলাদার ও করিম হাওলাদার নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএমপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ, মুলাদী ও উজিরপুর উপজেলার মেয়াদোত্তীর্ণ ১৯টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *