নিজস্ব প্রতিবেদক : শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগামী ৫ জুন রক্ত রোগ, হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়া রোগীদের জন্য ১০ শয্যা বিশিষ্ট হেমাটোলজি ডে কেয়ার ইউনিট চালুর ঘোষণা দিলেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। বুধবার বিশ্ব হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এই ঘোষণা দেন।
তিনি বলেন, এই ডে কেয়ার ইউনিটে হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের পাশাপাশি ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করা হবে। পরিচালক বলেন, বর্তমানে হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলীর ঐকান্তিক প্রচেস্টায় হেমাটোলজি বহির্বিভাগ ও হেমাটোলজি ল্যাবরেটরি কার্যক্রম চলমান আছে।
ডে কেয়ার সেন্টারটি চালু করা হলে রোগীরা এখান থেকে আরো সেবা পাবেন। বেলা ১২ টায় হাসপাতালের মেডিসিন কনফারেন্স রুমে বিশ^ হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী বলেন, বর্তমানে বাংলাদেশে হিমোফিলিয়া রোগে আক্রান্ত ৩ হাজার ৩ শত রোগীর মধ্যে বরিশালেই রয়েছে ৩৪৭ জন।
এই রোগে আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালের হেমাটোলজি বিভাগ কার্যকর ভূমিকা রাখছে। চলতি বছরের ৭ জানুয়ারি থেকে এই পর্যন্ত এই বিভাগ থেকে চিকিৎসা সেবা পেয়েছেন ১২০৬ জন রোগী। এছাড়া ৩১ এপ্রিল থেকে থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৪৪ রোগীকে সেবা প্রদান করা হয়েছে।
হাসপাতালের সহকারি পরিচালক (অর্থ ও ভা-ার) ডা. আবদুল মুনয়েম সাদ’র সঞ্চালনায় মেডিসিন কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ডা. কামরুদ্দোজা হাফিজউল্লাহ, শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ তৈহিদুর রহমান, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু সাইদ আরিফ ও কোশাধ্যক্ষ মোহাম্মাদ নাজিম উদ্দিন।
উপস্থিত ছিলেন, হাপসাতালের উপ-পরিচালক ডা. একেএম নজমূল আহসান, মিড লেভেল ডাক্তার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সাল আহম্মেদ, সিনিয়র ক্লিনিক্যাল প্যাথলজিস্ট ডা. আশিক দত্ত, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ বরিশাল অঞ্চল আহ্বায়ক রাহাত কাজী, যুগ্ম আহ্বায়ক মহাসিন চৌধুরী, সদস্য সচিব শাহিন চৌধুরী, জাহিদুল ও তৈশিক সহ সন্ধানী, মেডিসিন ক্লাব ও যুব রেড ক্রিসেন্ট এর শিক্ষার্থীরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।