রবিবার, জুলাই ২৬, ২০২৬

নলছিটিতে শিক্ষককে কুপিয়ে জখমের অভিযোগ, টাকা ও মোবাইল লুটের দাবি

এনামুল হক সিকদার, নলছিটি : ঝালকাঠির নলছিটি উপজেলার ছৈলাবুনিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক মাদরাসা শিক্ষককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত শিক্ষকের ছেলে নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের বাসিন্দা ও ছৈলাবুনিয়া জেড এ ভূট্টো বালিকা দাখিল মাদরাসার শিক্ষক আব্দুল লতিফ সিকদার (৪৬) রোববার (৩১ মে) সকাল ৭টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে হামলার শিকার হন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিবেশী ইউনুস হাওলাদার, হাসিনা বেগম, ছাইদুল হাওলাদার ও সুমাইয়া আক্তারসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করেন। একপর্যায়ে ইউনুস হাওলাদার ধারালো দা দিয়ে আব্দুল লতিফ সিকদারের মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্য অভিযুক্তরা লোহার রড দিয়ে তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন বলে অভিযোগে বলা হয়েছে।

এ সময় আহত শিক্ষকের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি হাতঘড়ি ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।

স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে স্বজনরা আহত শিক্ষককে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহতের ছেলে মো. রুহুল আমিন সিকদার অভিযোগে দাবি করেন, অভিযুক্তরা পূর্ব থেকেই তাদের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধে জড়িত এবং বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম বলেন, “থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো পড়ুন

আটঘর-কুরিয়ানায় পর্যটকদের স্বস্তি ফেরাতে মোবাইল কোর্ট: ২টি সাউন্ডবক্স

ফরিদ আহমেদ, নেছারাবাদ : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর-কুরিয়ানা পেয়ারা বাগানে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে গণউপদ্রব সৃষ্টির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *