ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি:
নেছারাবাদ উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে জয়িতা মন্ডল (২১) নামে এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জয়িতা মন্ডল ওই গ্রামের পরিতোষ মন্ডলের মেয়ে। তিনি এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। মাত্র পাঁচ মাস আগে একই ইউনিয়নের অমল মন্ডলের ছেলে অসীম মন্ডলের সঙ্গে তার বিয়ে হয়। পরিবারের দাবি, জয়িতা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
জয়িতার আপন কাকা হরিপদ মন্ডল জানান, শুক্রবার দুপুরে বাবার বাড়িতে অবস্থানকালে মোবাইল ফোনে স্বামীর সঙ্গে কথা বলছিলেন জয়িতা। কথোপকথনের একপর্যায়ে স্বামীর সঙ্গে তার অভিমান হয়। এরপর কিছুক্ষণ পর তার মা গোসল শেষে ফিরে এসে দুপুরের খাবারের জন্য ছোট মেয়েকে জয়িতাকে ডাকতে বলেন। অনেক খোঁজাখুঁজির পর তার মা ঘরের পাটাতনে উঠে দেখতে পান, ঘরের আড়ার সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন জয়িতা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্বামীর সঙ্গে অভিমান করে জয়িতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে পিরোজপুর মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।