মাহতাব হাওলাদার, মহিপুর : পটুয়াখালীর কুয়াকাটায় উপকূল রক্ষা বাঁধ (বেরিবাঁধ) দখল করে একাধিক অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সরকারি সম্পত্তির ওপর এসব নির্মাণকাজ চলায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল। সরেজমিনে দেখা যায়, মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি এলাকার ধোলাই মার্কেট সংলগ্ন বেরিবাঁধের ওপর ইতোমধ্যে একটি টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে। পাশাপাশি কাঠ ও টিন দিয়ে আরও কয়েকটি স্থাপনার নির্মাণকাজ চলমান রয়েছে।
নির্মাণস্থলে কাঠের ফ্রেম, টিনের বেড়া এবং বিভিন্ন নির্মাণসামগ্রীও দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় বাঁধের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। তাদের ভাষ্য, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের সময় এই উপকূল রক্ষা বাঁধ পুরো এলাকাকে সুরক্ষা দেয়। ফলে বাঁধের ওপর অবৈধ দখল ও নির্মাণ অব্যাহত থাকলে এর স্থায়িত্ব ও কার্যকারিতা হুমকির মুখে পড়তে পারে। এতে সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি জননিরাপত্তাও মারাত্মক ঝুঁকিতে পড়বে।
স্থানীয়দের অভিযোগ, ধুলাসার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াসিন আরাফাত, স্থানীয় রাকিব এবং সাইফুল জোয়াদ্দারসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সরাসরি এই অবৈধ দখল ও নির্মাণকাজের সঙ্গে জড়িত। তবে অভিযোগ অস্বীকার করে ধুলাসার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, “বেরিবাঁধের ওপর অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।”
অপর অভিযুক্ত রাকিব ও সাইফুল জোয়াদ্দারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ বিষয়ে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, “জমিটি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রিক্যুইজিশন দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।”
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মো. শাহ্ আলমের বক্তব্য জানার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্থানীয় সচেতন মহলের দাবি, উপকূলবাসীর জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী উপকূল রক্ষা বাঁধ দখলমুক্ত রাখতে এবং এর ওপর অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে দ্রুত কার্যকর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় ভবিষ্যতে দুর্যোগের সময় এর ভয়াবহ প্রভাব পুরো এলাকায় পড়তে পারে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।