নিজস্ব প্রতিবেদক :
দক্ষিণাঞ্চলের কোটি মানুষের একমাত্র ভরসাস্থল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) চিকিৎসা সেবার মানোন্নয়ন ও প্রশাসনিক স্থবিরতা কাটাতে দীর্ঘ ২ বছর পর নতুন স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। আজ ১৪ জুন ২০২৬ (রবিবার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। তিনি দায়িত্ব গ্রহণের পরপরই জানিয়েছেন, আগামী জুলাই মাসেই হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম আনুষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পূর্ব পর্যন্ত এই কমিটির সভাপতি ছিলেন বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। ৫ আগস্টের পর থেকে দীর্ঘ প্রায় ২ বছর হাসপাতালটিতে কোনো ব্যবস্থাপনা কমিটি কার্যকর ছিল না, যার ফলে হাসপাতালের নিয়মিত তদারকি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা বিরাজ করছিল। আজ নতুন কমিটি গঠনের মাধ্যমে এই দীর্ঘ শূন্যতার অবসান ঘটলো।
হাসপাতাল সংশ্লিষ্ট প্রবীণ কর্মকর্তা ও সচেতন মহলের মতে, বিগত দিনে যখন শেবাচিম হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি পূর্ণ সক্রিয় ছিল, তখন হাসপাতালের প্রশাসনিক গতিশীলতার মূল ভিত্তি ছিল ‘নিয়মিত মাসিক সভা’। তৎকালীন সভাপতির নেতৃত্বে প্রতি মাসে এই সভাটি বাধ্যতামূলকভাবে অনুষ্ঠিত হতো। হাসপাতালের ছোট-বড় প্রতিটি কাজ, ওষুধ ও যন্ত্রপাতি কেনাকাটা, অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প কিংবা বাজেট পাসের পূর্বে তা এই মাসিক সভায় গুরুত্বের সাথে উথাপন করা হতো। মিটিংয়ে সব সদস্যের উপস্থিতিতে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমেই কেবল যেকোনো কাজ চূড়ান্ত অনুমোদন পেত। এই স্বচ্ছ প্রক্রিয়ার কারণে বিগত দিনে হাসপাতালের কার্যক্রমে এক ধরনের সুশাসন বজায় ছিল।
শেবাচিম হাসপাতালের এই ব্যবস্থাপনা কমিটি কেবল একটি আনুষ্ঠানিক কমিটি নয়, বরং সমাজ ও প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে এটি একটি পূর্ণাঙ্গ রূপ লাভ করে আসছে।
হাসপাতালের সার্বিক নিরাপত্তা রক্ষা, বহিরাগত ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ এবং ইন্টার্ন চিকিৎসক ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করতে কমিটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকেন।
জনগণের সেবাপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা এবং হাসপাতালের ভেতরের চিত্র ও সংকটগুলো স্বচ্ছতার সাথে তুলে ধরতে গণমাধ্যমের একজন জ্যেষ্ঠ প্রতিনিধিকে এই কমিটিতে রাখা হয়।
এর বাইরে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে এই কমিটি পূর্ণাঙ্গ রূপ পায়, যার ফলে যেকোনো সংকটে দ্রুত ও সমন্বিত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।
আলাপকালে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন বলেন, দীর্ঘ ২ বছর পর নতুন কমিটি গঠন হওয়ায় বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন সভাপতি ও তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে বিগত দিনের মতোই আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম ও স্থানীয় অংশীজনদের নিয়ে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি কার্যকর ভূমিকা পালন করবে। পূর্বের ধারাবাহিকতায় প্রতি মাসের নিয়মিত মাসিক সভার মাধ্যমে হাসপাতালের যাবতীয় কাজ স্বচ্ছতার সাথে পাস করা হবে এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আবার সুশাসন, শৃঙ্খলা ও উন্নত চিকিৎসাসেবার পরিবেশ ফিরে আসবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।