মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

শেষ বিদায় সংগঠনের নামে বিনামূল্যে ৩ শতাংশ জমি দান, প্রশংসায় ভাসছেন দুই ভাই

নিজস্ব প্রতিবেদক : মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝালকাঠি সদর উপজেলার পরমহল গ্রামের দুই সহোদর। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “শেষ বিদায় সংগঠন”-এর কার্যক্রমকে আরও বেগবান করতে সংগঠনটির নামে বিনামূল্যে ৩ শতাংশ জমি লিখে দিয়ে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তারা।

মঙ্গলবার (১৬ জুন) ঝালকাঠি সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনের নামে ৩ শতাংশ জমির রেজিস্ট্রি সম্পন্ন করেন পরমহল গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল কাদের খলিফার দুই ছেলে মো. মনিরুজ্জামান মনজু খলিফা ও মো. আলমগীর খলিফা। দুই ভাই পৃথকভাবে দেড় শতাংশ করে মোট ৩ শতাংশ জমি সংগঠনটির নামে দান করেন।

জানা গেছে, ২০২৩ সালে প্রতিষ্ঠিত “শেষ বিদায় সংগঠন” একটি সামাজিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি এলাকার মৃত ব্যক্তিদের দাফন-কাফনে সহায়তা প্রদান করে আসছে। মৃত ব্যক্তির জন্য কাফনের কাপড় সরবরাহ, কবর খনন, বাড়িতে আলোকসজ্জা ও চেয়ার সরবরাহসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

এছাড়াও অসচ্ছল ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, এলাকার রাস্তা-ঘাট সংস্কারে সহযোগিতা, খাল পরিষ্কার, রাস্তার পাশের আবর্জনা অপসারণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে স্থানীয়দের আস্থা অর্জন করেছে সংগঠনটি।

সংগঠনের এসব জনকল্যাণমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে প্রথমে দেড় শতাংশ জমি দান করার ঘোষণা দেন মো. মনিরুজ্জামান মনজু খলিফা। পরে তার ছোট ভাই মো. আলমগীর খলিফাও আরও দেড় শতাংশ জমি দান করার সিদ্ধান্ত নেন। তাদের এই মহতী উদ্যোগের ফলে সংগঠনটির নামে মোট ৩ শতাংশ জমি নিবন্ধিত হয়।

জমি দান প্রসঙ্গে মো. মনিরুজ্জামান মনজু খলিফা বলেন, “মানুষের কল্যাণে কাজ করে এমন একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি গর্বিত। শেষ বিদায় সংগঠন নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে। তাদের কার্যক্রম আরও সম্প্রসারিত হোক, সেই চিন্তা থেকেই জমিটি দান করেছি। ভবিষ্যতেও সমাজের কল্যাণে এ ধরনের উদ্যোগে পাশে থাকতে চাই।”

সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার বলেন, “আমাদের সংগঠনের নিজস্ব কোনো জায়গা ছিল না। দুই ভাই যে আন্তরিকতা ও উদারতার পরিচয় দিয়েছেন, তা আমাদের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে। তাদের এই দান সমাজের অন্য বিত্তবানদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি।”

সংগঠনের প্রচার সম্পাদক হাফিজুর রহমান বলেন, “এটি শুধু জমি দান নয়, বরং একটি মানবিক প্রতিষ্ঠানের প্রতি আস্থার বহিঃপ্রকাশ। সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে এই জমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা দাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

রেজিস্ট্রির সময় উপস্থিত ছিলেন দাতাদের ভাগিনা মো: ফোরকান তালুকদার, শেষ বিদায় সংগঠনের সদস্য সাহিদ খান, রাজিব হাওলাদারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

স্থানীয়রা বলছেন, বর্তমান সময়ে যেখানে ব্যক্তি স্বার্থই প্রাধান্য পাচ্ছে, সেখানে সমাজের কল্যাণে স্বেচ্ছায় জমি দান করার মতো ঘটনা সত্যিই বিরল। পরমহলের দুই ভাইয়ের এই উদ্যোগ মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে এবং অন্যদেরও সমাজসেবামূলক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

আরো পড়ুন

বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদের জানাজায় মানুষের ঢল

ফরিদ আহমেদ, নেছারাবাদ : পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *