শুক্রবার, আগস্ট ৭, ২০২৬

দক্ষিণাঞ্চলের প্রখ্যাত দুজন কবি স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সেমিনার

আযাদ আলাউদ্দীন।।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে দক্ষিণাঞ্চলের ভোলা জেলায় জন্মগ্রহণকারী কবি মোহাম্মদ মোজাম্মেল হক এবং পিরোজপুরে জন্মগ্রহণকারী কবি আহসান হাবীব স্মরণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন সকাল সাড়ে ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. এ কে এম কুতুবউদ্দিন। সেমিনারের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের চেয়ারম্যান ড. শারমিন আক্তার। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক পম্পা রাণী মজুমদার।

সেমিনারের প্রথম পর্বে “আহসান হাবীবের কাব্যযাত্রা” বিষয় নিয়ে আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুর রহমান, বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত কবি ও শিশুসাহিত্যিক তপংকর চক্রবর্তী, প্রাবন্ধিক তুষার দাশ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার এবং সহকারী অধ্যাপক উন্মেষ রায়।

দ্বিতীয় পর্বে “কবি মোহাম্মদ মোজাম্মেল হক: প্রসঙ্গ জাতীয় চৈতন্যের অন্বেষণ” বিষয়ে আলোচনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, সহযোগী অধ্যাপক মোহসিনা হোসাইন, সহকারী অধ্যাপক মোহাম্মদ সাকিবুল হাসান, সহকারী অধ্যাপক সুলতানা নাজনীন এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিশেষজ্ঞ ড. কুদরত-ই-হুদা। সেমিনারের এ পর্বটি সঞ্চালনা করেন বাংলা বিভাগে প্রভাষক তাইয়্যেবুন নাহার মিমি।

সেমিনারে বক্তারা কবি মোহাম্মদ মোজাম্মেল হক ও কবি আহসান হাবীবের সাহিত্যকর্ম, বাংলা সাহিত্যে তাঁদের অবদান এবং সৃষ্টিশীলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, কবি মোহাম্মদ মোজাম্মেল হক ও কবি আহসান হাবীব বাংলা সাহিত্য ও জাতীয় চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। বাংলা সাহিত্যের বিকাশে এসব গুণী সাহিত্যিকের অবদান চিরস্মরণীয়। তাঁদের সাহিত্যকর্ম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বাংলা একাডেমির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

পরিবর্তিত বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না- আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর মাওলানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *