শনিবার, জুন ২৭, ২০২৬

আমতলীতে স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

আবু জিহাদ আমতলী (বরগুনা) প্রতিনিধি :
 বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী এলাকায় একই রাতে একটি মসজিদ, একটি ইউনিয়ন পরিষদ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে সংঘবদ্ধ চোরচক্রের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ল্যাপটপ, নগদ টাকা, দানবাক্সের অর্থ ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। একই রাতে চারটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চুরির ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র ঘোপখালী জামে মসজিদ, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ, ঘোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং স্থানীয় ব্যবসায়ী শানু হাওলাদারের দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা বিভিন্ন কক্ষ ও আলমিরা ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে এবং মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ অনুযায়ী, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ থেকে একটি ল্যাপটপ ও নগদ ২০ হাজার টাকা, ঘোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি ল্যাপটপ এবং নৈশপ্রহরীর রাখা নগদ ২০ হাজার টাকা, ঘোপখালী জামে মসজিদের আলমিরা থেকে দানবাক্সের টাকা এবং ব্যবসায়ী শানু হাওলাদারের দোকান থেকে বিপুল পরিমাণ সিগারেট চুরি হয়েছে।
ঘোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. মোর্শ্বেদা বেগম বলেন, “চোরেরা বিদ্যালয়ের তালা ভেঙে অফিসকক্ষে প্রবেশ করে আলমিরা ভেঙে একটি ল্যাপটপ ও নৈশপ্রহরীর রাখা ২০ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”
আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, “একটি কক্ষ ছাড়া পরিষদের প্রায় সব কক্ষের তালা ভেঙে আলমিরা তছনছ করা হয়েছে। একটি ল্যাপটপ ও নগদ ২০ হাজার টাকা চুরি হয়েছে।”
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. সোহেলী পারভীন মালা বলেন, “চোরেরা গুরুত্বপূর্ণ কিছু সরকারি কাগজপত্রও নিয়ে যায়। পরে সেসব কাগজপত্রের কিছু অংশ রাস্তার পাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।”
এলাকাবাসীর দাবি, আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চোরচক্র সক্রিয় থাকলেও তাদের দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। ফলে চুরি ও অপরাধের ঘটনা ক্রমেই বাড়ছে। একই রাতে চারটি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা আরও বেড়েছে। তারা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব আলী বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো পড়ুন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বরিশালে জামায়াতের মাদকবিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত :

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *