মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর চকবাজার উলফৎ প্লাজায় অবস্থিত এমটি সু কালেকশনের বিরুদ্ধে কয়েকগুণ বেশি দামে নিম্নমানের জুতা বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ৩ হাজার ৬০০ টাকা দিয়ে কেনা এক জোড়া জুতা মাত্র পাঁচ দিন ব্যবহারের পর নষ্ট হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা মো. তাজবিদ। এ ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাননি বলে দাবি করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর এমটি সু কালেকশন থেকে ৩ হাজার ৬০০ টাকায় এক জোড়া জুতা কেনেন তাজবিদ। বাসায় নেওয়ার চার-পাঁচ দিন পর তিনি জুতাটি ব্যবহার শুরু করেন। কিন্তু মাত্র পাঁচ দিনের মাথায় জুতার পেস্টিং খুলে যায়। পরে জুতাটি নিয়ে দোকানে গেলে কর্তৃপক্ষ জানায়, কেনার সাত দিন পার হয়ে যাওয়ায় তা পরিবর্তনের সুযোগ নেই।
ভুক্তভোগী তাজবিদ জানান, দোকান থেকে প্রতিকার না পেয়ে তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। কিন্তু সেখানেও তাকে জানানো হয়, ক্রয়ের সাত দিন পার হওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। সহকারী পরিচালক সুমী রাণী মিত্র তার অভিযোগ যথাযথ গুরুত্ব দেননি বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে এমটি কালেকশনে দায়িত্বরত ব্যবস্থাপক বলেন, বিক্রি করা জুতাটিতে টেম্পার না থাকায় পেস্টিং খুলে গেছে। ক্রয়ের ১১ দিন পর ক্রেতা জুতাটি নিয়ে আসায় পরিবর্তন করে দেওয়ার সুযোগ ছিল না। তবে তারা জুতাটিতে আঠা লাগিয়ে মেরামত করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ক্রেতা তাতে রাজি না হয়ে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রাণী মিত্র বলেন, ক্রয়ের সাত দিন অতিক্রম করায় আইন অনুযায়ী তাদের কিছু করার ছিল না। ক্রেতা প্রতারিত হয়েছেন বলে তিনি বুঝতে পারলেও আইনের বাইরে গিয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।
তাজবিদ বলেন, ৩ হাজার ৬০০ টাকা দিয়ে কেনা জুতা পাঁচ দিনও ব্যবহার করা গেল না। এমন ঘটনার পরও প্রতিকার না পাওয়া হতাশাজনক। তিনি এমটি কালেকশনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান, যাতে ভবিষ্যতে অন্য কোনো ক্রেতাকে এমন ভোগান্তিতে পড়তে না হয়।

আরো পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চর কাটার অভিযোগ

রিয়াজ ফরাজী: ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একতা বাজারসংলগ্ন চর থেকে অবৈধভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *