রবিবার, জুন ২৮, ২০২৬
oppo_2

আমতলীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত, দেশীয় ফল চাষে কৃষকদের আরও এগিয়ে আসার আহ্বান

আবু জিহাদ আমতলী (বরগুনা) প্রতিনিধি :
‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দেশীয় মৌসুমি ফলের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর ফল ভোগে জনসচেতনতা সৃষ্টি এবং ফল চাষে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে রোববার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত মেলায় দেশীয় ও বিদেশি বিভিন্ন জাতের ফলের আকর্ষণীয় প্রদর্শনী স্থান পায়। স্টলগুলোতে আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, কলা, পেঁপে, আনারস, মাল্টা, ড্রাগন ফল, তেঁতুল, কাউফল, গাব, পানিফল, ডেউয়া, কদবেল, বিচিকলা-সহ নানা প্রজাতির ফল প্রদর্শন করা হয়। ফলের বৈচিত্র্য ও সৌন্দর্য দর্শনার্থীদের ব্যাপকভাবে আকৃষ্ট করে।
মেলায় স্থানীয় কৃষক, ফলচাষি, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে ফল চাষের আধুনিক প্রযুক্তি, পরিচর্যা, রোগবালাই দমন এবং নিরাপদ ফল উৎপাদন বিষয়ে কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. ইদ্রিস আলী, বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম, বন কর্মকর্তা মো. মনিরুল হক, সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, ইসলামী আন্দোলন আমতলী পৌরশাখার সভাপতি মো.কামরুজ্জামান,
আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ, আমতলী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. মহসীন মাতুব্বর, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. আবু জিহাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে নিরাপদ, বিষমুক্ত ও মানসম্মত ফল উৎপাদনের আহ্বান জানান। একই সঙ্গে ফল সংরক্ষণ, বাজারজাতকরণ এবং ফলভিত্তিক উদ্যোক্তা তৈরিতেও গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, সরকারি প্রণোদনা, কারিগরি সহায়তা এবং কৃষকদের আগ্রহ বৃদ্ধির ফলে আমতলীতে ফল চাষের পরিধি ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। নতুন নতুন ফলের বাগান গড়ে উঠছে এবং বাণিজ্যিকভাবে ফল উৎপাদনের সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, এ ধরনের মেলা কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ফলের পুষ্টিগুণ, নিরাপদ খাদ্যাভ্যাস এবং দেশীয় ফলের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত জাতীয় ফল মেলাটি স্থানীয় কৃষক ও ফলচাষিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং নিরাপদ ফল উৎপাদন ও ভোগে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরো পড়ুন

কৃষিতে নীরব বিপ্লব: সবজির সবুজ সমারোহে স্বাবলম্বী নীলগঞ্জের কুমিরমারা গ্রাম

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রাম আজ কৃষি উৎপাদনের এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *