মেহেরাব হোসেন রিফাত:
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।
রোববার (৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, তিনি ১৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা। বর্তমানে তিনি সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁকে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তিনি আগামী ৩১ জুলাই ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করবেন। দায়িত্ব গ্রহণের পর তিনি বোর্ডের প্রচলিত বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং যোগদানের তারিখ থেকে বিধি অনুযায়ী বেতন ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
একই দিনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা পৃথক আরেকটি প্রজ্ঞাপনে বর্তমান বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী কে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), ঢাকা এর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে তাঁকে আগামী ৩১ জুলাই ২০২৬ এর মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম কর্মজীবনে বিএম কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি স্বরূপকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২৫ সালের ১৯ আগস্ট পুনরায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ শিক্ষাকর্মজীবনের অভিজ্ঞতাসম্পন্ন এ শিক্ষাবিদকে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় বিএম কলেজের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। তাঁদের প্রত্যাশা, তাঁর দক্ষ নেতৃত্বে বরিশাল শিক্ষা বোর্ডের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও শিক্ষাবান্ধব হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।