মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

বিএম কলেজে লাইব্রেরি অটোমেশন শীর্ষক ইন হাউস প্রশিক্ষণের উদ্বোধন 

মেহেরাব হোসেন রিফাত 

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আধুনিক ও প্রযুক্তিনির্ভর লাইব্রেরি সেবা নিশ্চিত করতে কোহা (Koha) সফটওয়্যারের মাধ্যমে লাইব্রেরি অটোমেশন কার্যক্রমের উদ্বোধন এবং ইন হাউস প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম,  প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান মোঃ হাবিবে কিবরিয়া চৌধুরী। সভাপতিত্ব করেন ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আবুল কালাম আজাদ।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বর্তমান বৈশ্বিক যুগে প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা সময়ের দাবি। কিন্তু সরকারি কলেজগুলোতে প্রয়োজনের তুলনায় বরাদ্দ ও জনবল সীমিত থাকায় এমন উদ্যোগ বাস্তবায়ন সহজ নয়। বিশাল সংখ্যক শিক্ষার্থীর এই কলেজে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো চাহিদা থাকলেও সেই অনুপাতে বরাদ্দ পাওয়া যায় না বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, লাইব্রেরি অটোমেশন বাস্তবায়নের জন্য আলাদা কোনো বরাদ্দ না থাকলেও শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর লক্ষ্যেই কলেজ প্রশাসন উদ্যোগ নেয়। কেন্দ্রীয় লাইব্রেরিতে অনুমোদিত পাঁচটি পদের অধিকাংশ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় দক্ষ জনবলের সংকট রয়েছে। এ অবস্থায় বরিশাল বিভাগীয় লাইব্রেরির ডেপুটি হেড ড. আহসানুল্লাহর পরামর্শ ও সহযোগিতায় ইন হাউস পদ্ধতিতে অটোমেশন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।

আলোচকরা বলেন, আধুনিক লাইব্রেরি শুধু বই সংরক্ষণের স্থান নয়, বরং একটি তথ্যকেন্দ্র বা ইনফরমেশন হাব। অটোমেশন সম্পন্ন হলে শিক্ষার্থীরা মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে যেকোনো স্থান থেকে প্রয়োজনীয় বইয়ের অবস্থান জানতে পারবেন। পাশাপাশি তাদের বই গ্রহণ ও পড়ার ইতিহাসও নিজস্ব অ্যাকাউন্টে সংরক্ষিত থাকবে।

প্রথম পর্যায়ে কেন্দ্রীয় লাইব্রেরি  অটোমেশন ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। পর্যায়ক্রমে কলেজের সব বিভাগীয় লাইব্রেরিকেও একই ব্যবস্থার আওতায় আনা হবে। এর ফলে বই খুঁজে পেতে শিক্ষার্থীদের এক লাইব্রেরি থেকে আরেক লাইব্রেরিতে ঘুরতে হবে না অনলাইনেই বইয়ের অবস্থান জানা যাবে।

অনুষ্ঠানে বক্তারা লাইব্রেরি অটোমেশন উদ্যোগকে সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব উল্লেখ করে এর সফল বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। কলেজ প্রশাসনের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের লাইব্রেরি ব্যবস্থাপনা আরও আধুনিক, কার্যকর ও গবেষণাবান্ধব হয়ে উঠবে।

আরো পড়ুন

মহিপুরকে প্রশাসনিক উপজেলা করতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুর পুলিশি থানাকে পূর্ণাঙ্গ প্রশাসনিক উপজেলা হিসেবে ঘোষণার লক্ষ্যে প্রয়োজনীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *