ড. মিজান রহমান।।
লিটল ম্যাগাজিন মানেই তারুণ্যের পতাকা- যে পতাকাকে আশ্রয় করে একদল নতুন লেখক নতুন কিছু সৃষ্টির নেশায় মত্ত থাকে। লিটল ম্যাগাজিন হলো বিশেষ উদ্দেশ্যবাহী, সৎ সাহিত্য ভাবনায় পরিচালিত এস্টাবলিশমেন্ট-বিরোধী, সমাজ সচেতন, স্বল্পবিত্ত, রুচিশীল তরুণদের সৃজনশীল সাহিত্যপত্র।
লিটল ম্যাগাজিনের প্রচার ও প্রসার ঘটে বিংশ শতাব্দীর শুরুতে। তবে প্রকৃত লিটল ম্যাগাজিনের যাত্রা শুরু হয় ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। Ralph Waldo Emerson ও Margaret Fuller সম্পাদিত The Dial (Boston, 1840-1844)-এর মধ্য দিয়ে। এ প্রসঙ্গে ওয়েবসাইটের HighBeam Encyclopedia-এর তথ্য প্রণিধানযোগ্য :
Little magazines differ from the large commercial peridicals and major scholarly reviews by their emphasis on experimentation in writing, their perilous nonprofit operation, and their comparatively small audience of interllectuals. Prototypes of the 20th-century little magazine where The Dial (Boston, 1840-44), a transcendentalist review edited by Ralph Waldo Emerson and Margaret Fuller, and the English Savoy (1896), a manifesto in revolt against Victorian materialism.
লিটল ম্যাগাজিন ব্যাপকতা পেতে শুরু করে ঊনবিংশ শতাব্দীর শেষ ও বিংশ শতাব্দীর প্রথমভাগ থেকে আমেরিকা, ইংল্যান্ড ও ফ্রান্সে-ইমেজিস্ট, সিম্বলিস্ট প্রভৃতি আন্দোলনের মধ্য দিয়ে। পাশ্চাত্যে লিটল ম্যাগাজিন আন্দোলন ঊনবিংশ শতাব্দীতে শুরু হলেও প্রাচ্যে প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র (১৯১৪)-কে আধুনিক লিটল ম্যাগাজিনের আদিরূপ বলা হয়ে থাকে। তবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন (১৮৭২)-কেও কেউ কেউ লিটল ম্যাগাজিনের আদিরূপ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন।
ইংরেজি গধমধুরহব শব্দটির অর্থ-বারুদশালা। বারুদশালায় যেমন বারুদ মজুদ রাখা হয় তেমনি অক্ষর-শব্দের যেন সংগ্রহশালা এক একটি পত্রপত্রিকা। ‘ম্যাগাজিন’ শব্দটি প্রথম চালু হয়েছিল এডওয়ার্ড কেভ সম্পাদিত Gentleman’s Magazine (1731)-এর মাধ্যমে। সাময়িক পত্রিকা প্রকাশের আদিযুগে গধমধুরহব শব্দটি শুধু বাঁধানো পত্র-পত্রিকা প্রসঙ্গেই ব্যবহৃত হতো। পরবর্তীকালে সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, বার্ষিক, দৈনিক পত্রিকার সাথেও শব্দটি প্রযুক্ত হয়ে যায়। উল্লেখ্য, কেভ ছিলেন মূলত একজন ব্রিটিশ মুদ্রক। প্রথমে বিভিন্ন গ্রন্থ ও পুস্তিকা থেকে রচনা সংগ্রহ করে পত্রিকাটি (Gentleman’s Magazine) বের করতেন। পরে মৌলিক রচনা দিয়েই পত্রিকাটি প্রকাশিত হয়। এর অন্যতম লেখক ছিলেন বিখ্যাত ইংরেজ লেখক ও সমালোচক স্যামুয়েল জনসন।
‘ম্যাগাজিন’ শব্দটির পাশে আর একটি বিশেষণ বসল ‘লিটল’। লিটল ম্যাগাজিন নামের উৎস নিয়ে নানা অনুমান প্রচলিত আছে। তবে ‘লিটল ম্যাগাজিন’ এই দুটি শব্দ একযোগে ব্যবহার শুরু হয়েছিল ইউরোপে আঠারো শতকের শেষ দশকে। সাহিত্য যখন পণ্য হয়ে উঠেছিল, বলা যায় পণ্যসর্বস্ব হয়ে উঠেছিল, তখন সেই পণ্যমুখীন সাহিত্য থেকে দূরে থাকার জন্য, সরে দাঁড়ানোর জন্য অন্য সাহিত্য পত্রিকার প্রচেষ্টা শুরু হয়েছিল। এই সাহিত্য প্রচেষ্টার মূল ভিত্তি আন্তরিকতা, সততা ও নিষ্ঠা। শুরু হয় সাহিত্যের নতুন পরীক্ষা-নিরীক্ষা। ব্যক্তিত্বের মর্যাদা ও প্রেরণাই এই সাহিত্যের বড় শর্ত। এই নব্যসাহিত্য চেতনাই লিটল ম্যাগাজিনের ভূমি তৈরি করল। আঠারো শতকের শেষ দশক থেকে বিংশ শতাব্দীর প্রথম দশকে প্রকাশিত এক বিশেষ রীতির পত্রিকাকে ‘লিটল ম্যাগাজিন’ অভিধায় চিহ্নিত করা যেতে পারে।
‘লিটল ম্যাগাজিন’ শব্দটি সম্ভবত এসেছে Margaret Anderson সম্পাদিত The Little Review (Chicago, San Francisco, New York, Paris, 1914-29) থেকে। কেউ কেউ মনে করেন ইউরোপে বাণিজ্যিক নাট্যমঞ্চের পাশাপাশি যে ছোট নাট্যদল গড়ে উঠেছিল সেই ‘লিটল থিয়েটার’ থেকে। সন্দীপ দত্ত তাঁর লিটল ম্যাগাজিন প্রবন্ধে লেখেন-‘লিটল ম্যাগাজিন পৃষ্ঠা সংখ্যা ও আয়তনের দিক থেকেও সাধারণভাবে লিটল হয়ে থাকে। কিন্তু ‘লিটল’ শব্দটি আকার, প্রচার বা সীমিত পৃষ্ঠা সংখ্যা অর্থে এখানে প্রযুক্ত হয়নি। এখানে ‘লিটল’ শব্দটি পুঁজিগত অর্থে প্রযুক্ত হয়েছে। ঢালাও পুঁজি এসব কাগজের থাকে না। ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি এখানে কাজ করে না। পুঁজিগত অর্থে ‘Little’ মধ্যপদলোপী সমাসে ব্যাসবাক্য এরকম হতে পারে Little Capital Magazine। আবার অন্যদিক থেকে বলা যেতে পারে ‘লিটল ম্যাগাজিন’ শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গে ‘বিগ ম্যাগাজিন’ শব্দটি মনে আসে। যা কিছু ব্যবসায়িক প্রাতিষ্ঠানিক তাই ‘বিগ’। পুঁজিবাদী বর্ণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে এরা সাহিত্য সংস্কৃতির পোষণ করে। লিটল ম্যাগাজিন এই বড় একটা কিছুর বিরুদ্ধে প্রতিবাদ। লিটল ম্যাগাজিন সেই অর্থে প্রতিবাদী ও তথাকথিত প্রতিষ্ঠানবিরোধী। লিটল ম্যাগাজিন নামে লিটল হলেও এই পত্রিকাগুলো ‘গ্রেট’। আজ আর শুধু পুঁজিগত অর্থে লিটল ম্যাগাজিনকে ভাবলে পুরো ভাবনাটাই একপেশে হয়ে যাবে।’
The Dial (1840) লিটল ম্যাগাজিনের আদিরূপ হলেও বিংশ শতাব্দীর শুরুতে Poetry (1912)–এর মাধ্যমে লিটল ম্যাগাজিন চর্চার নতুন ধারা বেগবান হতে থাকে। Harriet Monroo ছিলেন Poetry (1912) পত্রিকাটির সম্পাদক এবং পত্রিকাটির বিদেশি সম্পাদক ছিলেন Ezra Pound. এই পত্রিকাটি দীর্ঘসময় ধরে কৃতিত্বের সাথে প্রকাশিত হয়েছিল। এ সময়ের আরও কয়েকটি লিটল ম্যাগাজিন হলো Margaret Anderson সম্পাদিত The Little Review (1914-29), Dora Mardson (1914) এবং Harriat Shaw Weaver (1914-19) সম্পাদিত The Egoist (London, 1914-19) Marianne Moore সম্পাদিত`- The Revived Dial (NewYork 1920)।
এসব লিটল ম্যাগাজিনে T.S Eliot, Robert Frost, James Joyees, Ezra Pound, Edgar Lee Masters, Hart Crane, Wallace Stevensসহ সমকালীন লেখকরা নিয়মিত লিখতেন। T.S Eliot-এর বিশ্বনন্দিত ‘ওয়েস্টল্যান্ড’ ছাপা হয় The Dial-এ এবং James Joyce’s-এর চেতনাপ্রবাহী উপন্যাস ইউলিসিস (Ulysses)-এর প্রথম এগার অধ্যায় ছাপা হয় The Little Review এর পাতায়। এছাড়া বিংশ শতাব্দীর প্রথম পাঁচ দশকের আরও কয়েকটি উল্লেখযোগ্য কাগজ হলো- New Masses (1926-48), The Modern Quarterly (1923-40), The Anvil (1933-35), Blast (1933-34), The Partisan Review (1933-). ইত্যাদি।
লিটল ম্যাগাজিন যে কোনো দেশের যে কোনো জাতির সাহিত্য চর্চার শ্রেষ্ঠ মাধ্যম। এসব ম্যাগাজিনের মধ্য দিয়ে সাম্প্রতিক সাহিত্যের গতি-প্রকৃতি, তরুণ লেখকদের পরিচিতি, সাহিত্য নিয়ে নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ওয়েবসাইটে Little Magazine-এর সংজ্ঞা পাই এরকম :
- Little magazine Term used to designate certain magazines that have as their purpose the publication of art, literature, or social theory by comparatively little-known writers.
- A periodical, usually not published for profit, the prints reviews, essays, fiction, or poetry or more usually some combination of them, supposed devoted to hith literary standards. Little Magazines often run innovative or experient works. A few little magazines pay for contributions, many do not. Some are widely influential, but others are virtually unknown except to the editors and contributors. Little Magazines may be very helpful to a new writer who is selective in sending submissions.
ওয়েবসাইটে সাহিত্যপত্রিকা (Litterary Magazine) এবং লিটল ম্যাগাজিন (Little magazine) সম্পর্কিত আলোচনাটি এখানে প্রণিধানযোগ্য : A literary magazine is a periodical devoted to literature in a broad sense, Literary magazines usually publish short stories, poetry and essays along with literary criticism, book reviews, biographical profiles or authors, interviews, and letters. Literary magazines are often called literary journals or little magazines, which is not meant as a pejorative but instead as a contrast with larger commercially oriented magazines.
বাংলা ভাষার সাহিত্য-সংস্কৃতির সাথে লিটল ম্যাগাজিন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। দেশ পত্রিকার মে ১৯৫৩ সংখ্যায় বুদ্ধদেব বসু ‘সাহিত্যপত্র’ প্রবন্ধে লিটল ম্যাগাজিন সম্পর্কে আলোচনা করতে গিয়ে লেখেন :
এক রকমের পত্রিকা আছে যা আমরা রেলগাড়িতে সময় কাটাবার জন্য কিনি, আর গন্তব্য স্টেশনে নামার সময় ইচ্ছে করে গাড়িতে ফেলে যাই—যদি-না কোনো সতর্ক সহযাত্রী সেটি আবার আমাদের হাতে তুলে দিয়ে বাধিত এবং বিব্রত করেন আমাদের। আর এক রকমের পত্রিকা আছে যা স্টেশনে পাওয়া যায় না, ফুটপাতে কিনতে হলেও বিস্তর ঘুরতে হয়, কিন্তু যা একবার হাতে এলে আমরা চোখ বুলিয়ে সরিয়ে রাখি না, চেয়ে-চেয়ে আস্তে আস্তে পড়ি, আর পড়া হয়ে গেলে গরম কাপড়ের ভাঁজের মধ্যে ন্যাপথলিন-গন্ধী তোরঙ্গে তুলে রাখি—জল, পোকা, আর অপহারকের আক্রমণ থেকে বাঁচাবার জন্য। যেসব পত্রিকা এই দ্বিতীয় শ্রেণির অন্তর্গত হতে চায়—কৃতিত্ব যেইটুকুই হোক, অন্ততপক্ষে নজরটা যাদের উঁচুর দিকে, তাদের জন্য নতুন একটা নাম বেরিয়েছে মার্কিন দেশে : চলতি কালের ইংরেজি বুলিতে এদের বলা হয়ে থাকে ‘লিটল ম্যাগাজিন’।
লিটল কেন? আকারে ছোট বলে? প্রচারে ক্ষুদ্র বলে? নাকি বেশি দিন বাঁচে না বলে? সব কটাই সত্য, কিন্তু এগুলোই সব কথা নয়; ঐ ‘ছোট’ বিশেষণটাতে আরো অনেকখানি অর্থ পোরা আছে। প্রথমত, কথাটা একটা প্রতিবাদ : এক জোড়া মলাটের মধ্যে সব কিছুর আমদানির বিরুদ্ধে প্রতিবাদ, বহুলতম প্রচারের ব্যাপকতম মাধ্যমিকতার বিরুদ্ধে প্রতিবাদ। লিটল ম্যাগাজিন বললেই বোঝা গেল যে জনপ্রিয়তার কলঙ্ক একে কখনো ছোঁবে না, নগদ মূল্যে বড়োবাজারে বিকোবে না কোনোদিন, কিন্তু হয়তো কোনো একদিন এর একটি পুরোনো সংখ্যার জন্য গুণীসমাজে উৎসুকবার্তা জেগে উঠবে। সেটা সম্ভব হবে এই জন্যেই যে, এটি কখনো মন যোগাতে চায়নি, মনকে জাগাতে চেয়েছিল। চেয়েছিল নতুন সুরে নতুন কথা বলতে। কোনো এক সন্ধিক্ষণে, যখন গতানুগতিকতা থেকে অব্যাহতির পথ দেখা যাচ্ছে না, তখন সাহিত্যের ক্লান্ত শিরায় তরুণ রক্ত বইয়ে দিয়েছিলনিন্দা, নির্যাতন বা ধনক্ষয়ে প্রতিহত না-হয়ে। এই সাহস, নিষ্ঠা, গতির একমুখিতা, সময়ের সেবা না করে সময়কে সৃষ্টি করার চেষ্টাএইটেই লিটল ম্যাগাজিনের কুলধর্ম। এর এটুকু বললেই অন্যসব কথা বলা হয়ে যায়, কেননা এই ধর্ম পালন করতে গেলে চেষ্টা করেও কাটতি বাড়ানো যাবে না, টিকে থাকা শক্ত হবে, আকারেও মোটাসোটা হবার সম্ভাবনা কম। অবশ্য পরিপুষ্ট লিটল ম্যাগাজিন দেখা গেছে- যদিও সে সময়ে ও-কথাটার উদ্ভব হয়নি—যেমন এলিয়েটের ‘ক্রাইটেরিয়ন’ বা আদিকালের ‘পরিচয়’। কিন্তু মনে রাখতে হবে তারা ত্রৈমাসিক ছিল; সমসাময়িক গণ্যসেব্য মাসিক পত্রের তুলনায় তারা যে ওজনে কত হালকা তা অল্প একটু পাটিগণিতেই ধরা পড়বে। ভালো লেখা বেশি জন্মায় না, সত্যিকার নতুন লেখা আরো বিরল; আর শুধু দুর্লভের সন্ধানী হলে পৃষ্ঠা এবং পাঠক সংখ্যা স্বতঃই কমে আসে। অর্থাৎ আমরা যাকে বলি সাহিত্যপত্র, খাঁটি সাহিত্যের পত্রিকা, লিটল ম্যাগাজিন তারই আরো ছিপছিপে এবং ব্যঞ্জনাবহ নতুন নাম।
কণ্ঠস্বর সম্পাদক আবদুল্লাহ আবু সায়ীদ লিটল ম্যাগাজিনের সংজ্ঞা দিতে গিয়ে বলেন-
লিটল ম্যাগাজিন বলতে বুঝি যেটা সাহিত্যের নতুন পালাবদলকে ধারণ করে। যে কাগজের ভেতর দিয়ে সাহিত্য নতুন পণ্যের দিকে পা দেয়- এটাকে বলে লিটল ম্যাগাজিন।
লোকায়ত সম্পাদক আবুল কাসেম ফজলুল হক বলেন- ‘বাংলা ভাষায় ইংরেজির প্রভাবে লিটল ম্যাগাজিন কথাটা প্রথম ব্যবহার করেছিলেন বুদ্ধদেব বসু ১৯৫০-এর দশকে। কিন্তু তখনি এটা প্রচলন লাভ করেনি। কি বাংলায়, কি ইংরেজিতে কথাটা সকলে এক অর্থে ব্যবহার করেননি। কেউ জোর দিয়েছেন প্রতিবাদে, প্রতিরোধে, প্রথাবিরোধিতায়। কেউ জোর দিয়েছেন নতুনত্বে। কেউ জোর দিয়েছেন সৃজনশীলতায়। কেউ কেবল ভাঙতে চেয়েছেন, কেউ গুরুত্ব দিয়েছেন নবসৃষ্টিতে। কারো দৃষ্টি কেবল বর্তমানে, কারো দৃষ্টি ভবিষ্যতের দিকে। গতানুগতিতে অনীহ সকলেই। আমি মনে করি- লিটল ম্যাগাজিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার সৃষ্টিশীলতায় ও নবসৃষ্টির আন্দোলনে। লিটল ম্যাগাজিন নবচেতনা নিয়ে আত্মপ্রকাশ করে এবং লেখক ও পাঠকদের মধ্যে সেই নবচেতনাকে সঞ্চারিত করে দেওয়ার জন্য আন্দোলনে যায়। শ্রেষ্ঠ লিটল ম্যাগাজিনগুলো নতুন সাহিত্য-আন্দোলনের মুখপত্র। সাহিত্য, দর্শন, ইতিহাস, সমাজচিন্তা, বিজ্ঞান ইত্যাদি সকল ক্ষেত্রেই লিটল ম্যাগাজিন হতে পারে-হয়ে থাকে।
মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক মীজানুর রহমান বলেন- …বড় বা মাঝারি, কোনো পুঁজি নিয়েই যাদের পথ চলা নয়। নিজের আনন্দে বা অন্যের আনন্দকে আহ্বান জানিয়ে যারা ‘ছোট পুঁজি’ (যদি একে পুঁজি বলা যায়) নিয়ে কাগজ বের করেন, সেই কাগজই ছোট কাগজ তথা লিটল ম্যাগাজিন।…সব কবিই যেমন কবি নয়, কেউ কেউ কবি, একইভাবে সব লিটল ম্যাগাজিনই ছোট কাগজ নয়, কোনো কোনো কাগজ লিটল ম্যাগাজিন। কারণ, আজকাল এমন দাঁড়িয়েছে যে লিটল ম্যাগাজিনকে হতে হবে ‘কৃশকায় রোগাপটকা’, তার সম্পাদককে হতে হবে বাপ-মা খেদানো চুল উস্কোখুস্কো চালচুলাহীন যত্নহীন, কাগজে থাকবে নিছক গতানুগতিক বালখিল্যসুলভ ও ‘পদ্যসম্ভার’ অথবা হতে হবে তাকে যুগভাঙা ‘প্রথাবিরুদ্ধ’। এই আন্দোলনটা ফরাসি দেশে ‘নো’ আন্দোলন মারফৎ ঘটেছিল। কিন্তু সেখানে গিত্তম অ্যাপলিন্যার-এর মতো মেধা ছিল। এটা মাথায় রাখতে হবে। পশ্চিমবঙ্গে হাংরি জেনারেশনের কবিরা বা লেখকেরা এ প্রথার বিরুদ্ধে গিয়ে কতটা অবদান রেখেছিলেন তা আজ বিতর্কের বিষয়।
শিল্পকলার সম্পাদক আবদুল মান্নান সৈয়দ বলেন- লিটল ম্যাগাজিন! নামেই এর চারিত্র প্রকাশিত। বৃহৎ রূপ নয়, জনপ্রিয় নয়, প্রাতিষ্ঠানিক নয় এমন পত্রিকা। রাজপথ নয় গলি, উপগলি, কথাটি আলংকারিক- কাজেই সীমিত অর্থে। লিটল ম্যাগাজিনে থাকে এমন অগ্নি ও দীপ্ত বা তার ইশারা, যা সাহিত্যের নতুন পথে দ্যোতক, বড়ো পত্রিকায় সব ধরনের লেখার জন্য প্রশস্ত আমন্ত্রণ থাকে। আর তার লেখক পরিধিও বড়ো, তরুণতম থেকে প্রবীণতম পর্যন্ত। লিটল ম্যাগাজিন মানেই তারুণ্যের বিস্ফোরণ, অপ্রাতিষ্ঠানিক চীৎকার, নতুন জ্যামিতি ও ইশতেহার।
বিপ্রতীক সম্পাদক ফারুক সিদ্দিকী বলেন- লিটলম্যাগকেন্দ্রিক সাহিত্যচর্চা প্রয়োজন এজন্য যে তরুণ কবি/লেখকদের লিটলম্যাগনির্ভর হতে হয় প্রাথমিকভাবে প্রথম স্ফুরণ, বিকাশের সূতিকাঘরে, ভাষা শৈলী ও চিন্তা পাদমূলেতবে এক্ষেত্রে উজ্জ্বল গভীর নিষ্ঠাবান গোষ্ঠীর প্রয়োজন সর্বাগ্রে।
একবিংশ সম্পাদক খোন্দকার আশরাফ হোসেন বলেন- ছোট দুটি ডানায় অনন্ত আকাশকে ধরার স্পর্ধা—তার নাম লিটল ম্যাগাজিন।…আমি লিটল ম্যাগাজিনকে তার লিটলনেস এবং আকাঙ্ক্ষার বিরাটত্বের ট্রাজিক সন্নিধি হিসেবেই দেখি। অকালমৃত্যু তার পরিণতি জেনেও ট্রাজিক নায়কের মতো তার উচ্চাশার বেলুন সে উড়ায় দু’হাতে। হয়তো ‘Frets and starts for a while.’ তারপর ‘is heard no more’.. করুণ রঙিন তার অস্তিত্ব; আমার প্রভাতী ফুল; দুপুর হবার আগেই সে তার মহত্তম গানটি গেয়ে ফেলতে চায়, ঝরে পড়ার পূর্বাহ্নে। তাই তার ভেতর একটা আর্তি থাকে পূর্ণতার। একটি urgency তা তাকে উচ্চকণ্ঠ ও অস্থির করে। লিটল ম্যাগাজিনের ‘প্রাণ’ সহজে বোঝা যায় তার জরাক্রান্ত শিরার দপদপানি দেখেই। অপরিণামদর্শিতা, খরুচেতনা, প্রগল্ভতাও তার সঙ্গী। অতিভব্য, সম্ভ্রান্ত হওয়ার চেয়ে সে বরং রঙচঙে দেখানোয় নিজেকে জাহির করে। স্ববিজ্ঞাপন তার ধর্ম।
অলক্ত সম্পাদক তিতাশ চৌধুরী বলেন- লিটল ম্যাগাজিনের চরিত্র ও বৈশিষ্ট্য হচ্ছে টুইংকেল টুইংকেল লিটল স্টার-এর মতো। মিটিমিটি করে জ্বলে উঠে হঠাৎ নিভে যায়।
লিরিক সম্পাদক এজাজ ইউসুফী বলেন- লিটল ম্যাগাজিন শুধুমাত্র সাম্প্রতিককালের চেহারাকেই ধারণ করে না, উপরন্তু ভবিষ্যতের সীমানাও চিহ্নিত করে। একটি সৎ ছোট কাগজ আমাদের বলে দেয় বিপ্লবের প্রয়োজন ফুরিয়ে যায়নি। আসলে রাষ্ট্র ও সমাজ নামক প্রতিষ্ঠানগুলোর নিজের মধ্যেই বিরোধিতার বীজ সুপ্ত থাকে। ছোট কাগজগুলো তার অস্তিত্বকে প্রতিষ্ঠিত করে। প্রতিষ্ঠান ও প্রথাবিরুদ্ধতার ক্ষেত্র হিসেবে নতুন ভাবুকদের জন্য তার মুক্তির মোর্চা গড়ে তোলে। সুতরাং কখনো নিয়ন্ত্রিত হবে না এরকম বোধ ও ভাবনাই ছোট কাগজের চরিত্র বৈশিষ্ট্য।
এবার সন্দীপ দত্ত তাঁর ‘লিটল ম্যাগাজিন’ গ্রন্থে লিটল ম্যাগাজিনের যে সাধারণ বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন তা এখানে উল্লেখ করবো :
১. যে কোনো দেশ ও জাতির সাহিত্য সংস্কৃতির প্রধান ধারক ও বাহক সেই দেশের লিটল ম্যাগাজিনগুলি।
২. লিটল ম্যাগাজিনের অবস্থান ‘বিগ ম্যাগাজিনের’ ঠিক বিপরীতে।
৩. লিটল অর্থাৎ কম পুঁজিতে বৃহৎ চিন্তার প্রকাশ।
৪. লিটল ম্যাগাজিনের নিজস্ব লেখকগোষ্ঠী থাকে ও লেখক তৈরি করে।
৫. লিটল ম্যাগাজিন যে কোনো প্রাতিষ্ঠানিক ও ব্যবসায়িক মনোবৃত্তির বিরুদ্ধে।
৬. নিরপেক্ষ ও নির্ভীক বক্তব্য তুলে ধরে সমাজ ও সাহিত্য বিশ্লেষণ করে।
৭. লিটল ম্যাগাজিন সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনকে চালিত ও সংগঠিত করে।
৮. লিটল ম্যাগাজিনের উদ্দেশ্য সৃজনশীল সাহিত্যের প্রসার।
৯. লিটল ম্যাগাজিনকে বলা যায় তারুণ্যের সাহিত্য বা সাহিত্যের তারুণ্য।
১০. লিটল ম্যাগাজিনেই সাহিত্যের বহু কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়ে থাকে।
১১. লিটল ম্যাগাজিন যথার্থ অর্থে সাহসী পত্রিকা। যে কোনো বক্তব্য (সাহিত্য-সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ) প্রকাশে নির্দ্বিধ। লেখার ব্যাপারে কোনো রফা বা আপস করে না।
১২. প্রতিষ্ঠিত, বাজারি ও ব্যবসায়ী লেখক কিংবা লেখা ব্যবসায়ীর স্থান লিটল ম্যাগাজিনে নয়।
১৩. কাগজের বিশেষ চরিত্র গড়ে তোলা লিটল ম্যাগাজিনের অন্যতম শর্ত।
১৪. লিটল ম্যাগাজিন সমাজের কাছে দায়বদ্ধ।
১৫. লিটল ম্যাগাজিন বিশেষ উদ্দেশ্যবাহী।
১৬. লিটল ম্যাগাজিন যে কোনো বিষয়ের হতে পারে। যথাকবিতা, গল্প, নাটক, প্রবন্ধ, চলচ্চিত্র, সঙ্গীত, ধ্রুপদী সাহিত্য, শিল্পকলা, অনুবাদ, লোকসংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সমাজতত্ত্ব, ভাষাতত্ত্ব, বিজ্ঞান, মনস্তত্ত্ব, দর্শন, সমালোচনা ইত্যাদি।
১৭. লিটল ম্যাগাজিন সর্বাঙ্গীণ সাংস্কৃতিক ও সাহিত্যিক আন্দোলন।
১৮. লিটল ম্যাগাজিন যে কোনো আয়তনের হতে পারে। নির্দিষ্ট কোনো মাপ নেই। পৃষ্ঠা সংখ্যা ৩০০ হতে পারে, ১ পৃষ্ঠাও হতে পারে। তবে সাধারণভাবে ২ থেকে ৫-৬ ফর্মা পর্যন্ত হয়ে থাকে।
১৯. ঝকঝকে, ঝকমকে গ্ল্যামার না থাকলেও লিটল ম্যাগাজিনের প্রকাশ রীতি ও রুচি মর্যাদাপূর্ণ।
২০. লিটল ম্যাগাজিনের অন্য প্রচেষ্টা- ‘নিজস্ব প্রকাশনা’।
২১. লিটল ম্যাগাজিনের দুটি দিক (১) সৃজনশীলতা (২) প্রতিবাদী দৃষ্টিভঙ্গির নিরপেক্ষ ও নির্ভীক প্রকাশ।
২২. নির্দিষ্ট পাঠক গড়ে তোলে। পাঠককে সাহিত্যের পাঠে দীক্ষিত করে নতুনভাবে।
২৩. সমসাময়িক ঘটনার স্রোতে লিটল ম্যাগাজিন উজ্জীবিত।
২৪. বিশেষ সংখ্যা প্রকাশের প্রবণতা।
২৫. জাতীয় জীবনে কোনো সাম্প্রতিক সমস্যা বা জ্বলন্ত বিষয় (Burning topics) নিয়ে জনমত গড়ে তোলা।
২৬. আন্তর্জাতিক সাহিত্য, রাজনীতি, দর্শন প্রভৃতি বিষয়কে পত্রিকা মারফত প্রকাশ করা।
২৭. সাম্প্রতিক ঘটনাবলিকে স্পর্শ করা।
২৮. সাহিত্য সম্মেলনের নিয়মিত আয়োজন।
বাংলা সাহিত্যের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সাময়িকী বা সাহিত্যপত্র প্রকাশের মূল প্রেরণাই ছিল সমাজ, সাহিত্য ও সংস্কৃতি ভাবনা। বাংলা সাহিত্যের আধুনিক যুগে (১৮০০ সাল থেকে বর্তমান) সূচনালগ্নে পত্র-পত্রিকার যাত্রা শুরু হলেও [জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদিত দিগদর্শন (১৮১৮) প্রথম পত্রিকা] লিটল ম্যাগাজিন চর্চা শুরু হয় তারও একশত বছর পর।
প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র (১৯১৪)-এর মাধ্যমে প্রকৃত লিটল ম্যাগাজিনের যাত্রা শুরু হলেও ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর (১৮৩১), অক্ষয়কুমার দত্ত সম্পাদিত তত্ত্ববোধিনী (১৮৪৩), প্যারীচাঁদ মিত্র ও রাধানাথ শিকদার সম্পাদিত মাসিক পত্রিকা (১৮৫৪), বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন (১৮৭২), দ্বিজেন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত ভারতী (১৮৭৭), সুধীন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত সাধনা (১৮৯১), রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী (১৯০১), জলধর সেন ও অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত ভারতবর্ষ (১৯১৩) প্রভৃতি পত্রিকা লিটল ম্যাগাজিন আন্দোলন গড়ে ওঠার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিল। তবে যথার্থ লিটল ম্যাগাজিনের চরিত্র নিয়ে প্রথাবিরোধী, মননশীল গদ্য নিয়ে এল সবুজপত্র (১৯১৪), পরবর্তীকালে কল্লোল (১৯২৩), শনিবারের চিঠি (১৯২৪). কালিকলম (১৯২৭), প্রগতি (১৯২৭), পূর্বাশা (১৯৩২) ইত্যাদি পত্রিকার মাধ্যমে সে যাত্রা আরও সূদৃঢ় হয়েছে। সবুজপত্র (১৯১৪)-র মাধ্যমে লিটল ম্যাগাজিনের যে যাত্রা শুরু হয়েছিল কল্লোল (১৯২৩) প্রকাশের মাধ্যমে তা আরো বেগবান হলো। তৎকালীন তরুণ লেখকরা রবীন্দ্রবিরোধিতার নাম করে কল্লোলে সমবেত হয়েছিলেন। এক্ষেত্রে ড. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের মত প্রণিধানযোগ্য :
কল্লোল পত্রিকার একদল নব্য তরুণ সাহিত্যিক ও কবি নতুন সাহিত্য সৃষ্টির তাগিদ অনুভব করলেন যুদ্ধোত্তর ইউরোপের, বিশেষত রুশ ও ফরাসি সাহিত্য থেকে। তাঁরা এমন সমস্ত সংকীর্ণ গলিপথে যাতায়াত করতে লাগলেন যে, যাঁরা সনাতনী পন্থায় অভ্যস্ত ছিলেন, তাঁরা এতে প্রমাদ গুনলেন।
এই লেখকরা তৎকালীন ইউরোপীয় আদর্শে বাস্তব জীবন, মনস্তত্ত্বের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণ এবং রাজনৈতিক অর্থনৈতিক বিষয়কে তাঁদের রচনার উপজীব্য করলেন।
প্রগতি (১৯২৭), পূর্বাশা (১৯৩২) ছাড়া উপরোক্ত কাগজসহ অধিকাংশ কাগজ কলকাতা থেকে বেরুতো, কারণ ১৯৪৭-এর পূর্ববর্তীকালে সাহিত্য ও সংস্কৃতির রাজধানী ছিল কলকাতা। আধুনিককালে বাংলার জাগরণের সূত্রপাতও কলকাতায়। সাহিত্য ও শিল্প-সংস্কৃতি কলকাতাকে কেন্দ্র করেই সৃষ্টি ও পুষ্টি লাভ করেছিল। ঢাকা তখনও একটি গুরুত্বপূর্ণ জেলা শহর। বড়ো বড়ো জেলা শহরও তখন বেশ গুরুত্বপূর্ণ ছিল। ফলে কলকাতা থেকে প্রধান পত্রিকাগুলো অধিকহারে প্রকাশিত হলেও বাংলাদেশের বিভিন্ন শহর থেকে নানান জাতের পত্র-পত্রিকা প্রকাশিত হতো। বরিশাল, চট্টগ্রাম, বগুড়া, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা প্রভৃতি জেলা শহর থেকেও ব্রিটিশ শাসিত ঔপনিবেশিক আমলে বেশ কিছু কাগজ বের হতো, সে সময় লিটল ম্যাগাজিনের কনসেপ্ট দানা হয়তো বাঁধেনি, তবে অনেক কাগজেই লিটল ম্যাগাজিনের বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়।
১৯২৭ সালে ঢাকা থেকে প্রকাশিত বুদ্ধদেব বসু ও অজিতকুমার দত্তের সম্পাদনায় প্রগতি। এ পত্রিকাটির লেখকদের প্রধান লক্ষ্য ছিল রবীন্দ্রপ্রভাব থেকে দূরে থেকে বাস্তবতাপ্রধান সাহিত্যসৃষ্টির দিকে। এ সময়ে সঞ্জয় ভট্টাচার্য কুমিল্লা থেকে বের করেন পূর্বাশা (১৯৩২)। পূর্বাশার উদ্দেশ্য ছিল সভ্যতা ও নব সৃষ্টির সৌধমালা নির্মাণ। পূর্বাশা মফস্বল শহর থেকে বের হলেও তা বাংলাভাষী অঞ্চলে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল।
লিটল ম্যাগাজিন আন্দোলনের এই উন্মেষকালে এসব পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, প্যারীচাঁদ মিত্র, সত্যেন্দ্রনাথ দত্ত, কামিনী রায়, স্বর্ণকুমারী দেবী, মানকুমারী বসু, সরলা দেবী, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, মানিক বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, অক্ষয়কুমার দত্ত, ঈশ্বরগুপ্ত, মোহিতলাল মজুমদার, সমর সেন, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, তারাশংকর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী প্রমুখ লেখকদের সরব পদচারণা ছিল এবং তাঁদের কালজয়ী অনেক রচনা প্রকাশিত হয়েছে এসব লিটল ম্যাগাজিনে।
লিটল ম্যাগাজিনের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত এর সংজ্ঞা নিয়ে রয়েছে নানা মতবাদ। এক একজন সমালোচক নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে এর সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। নানাজন ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে এর সংজ্ঞা প্রদান করলেও প্রকৃত লিটল ম্যাগাজিনে যেসব বিষয় সামনে চলে আসে তা হলো-
১. লিটল ম্যাগাজিন হলো সৎ-সাহিত্য ভাবনায় পরিচালিত রুচিশীল ও সৃষ্টিশীল তরুণদের সাহিত্যপত্র।
২. এতে ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক কোনো দৃষ্টিভঙ্গি থাকে না। থাকে শুধু প্রতিষ্ঠানবিরোধিতা।
৩. গোষ্ঠীবদ্ধতা, নতুন লেখক তৈরি ও নতুন সাহিত্য সৃষ্টির আন্দোলনের মুখপত্র হিসেবে কাজ করে।
৪. এর লেখকরা মুক্তবুদ্ধি চর্চায় সদা সাহসী, আপসহীন ও প্রতিবাদী থাকে।
৫. এতে বাজারি লেখকদের কোন স্থান থাকে না।
৬. সমকালীন জাতীয় ও আন্তর্জাতিক সাহিত্যসম্পন্ন দর্শন, ইতিহাস, সমাজচিন্তা, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সাংস্কৃতিক আন্দোলনের নানামাত্রিক বিচার-বিশ্লেষণ, পরীক্ষা-নিরীক্ষা থাকে এর পৃষ্ঠায় পৃষ্ঠায়।
৭. সাহিত্যসভা, পত্রিকায় বিশেষ সংখ্যা প্রকাশ, নতুন লেখকের গ্রন্থ প্রকাশের মাধ্যমে সাহিত্যের ধারাকে বেগবান করে।
৮. লিটল ম্যাগাজিনের নির্দিষ্ট কোনো আয়তন থাকে না।
উপর্যুক্ত আলোচনার মাধ্যমে লিটল ম্যাগাজিনের প্রকৃত পরিচয় তুলে ধরা হলো। বাংলাদেশ, ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলা ভাষাভাষী সাহিত্যপ্রেমীরা লিটল ম্যাগাজিন প্রকাশ করে সাহিত্য আন্দোলনকে বেগবান করছেন। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি।
দুই
দেশবিভাগের আগে বাংলাদেশে লিটল ম্যাগাজিন আন্দোলনে উল্লেখযোগ্য কোনো ধারা ছিল না। পঞ্চাশের দশকে এ ধারা ক্ষীণ দেখা যায়। প্রকৃতপক্ষে ষাটের দশকে এ দেশের লিটল ম্যাগাজিন আন্দোলন শুরু হয় ঝধফ এবহবৎধঃরড়হ, স্বাক্ষর, কণ্ঠস্বর, ছোটগল্প, সাম্প্রতিক প্রভৃতি লিটল ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে। এ ধারা ছিল আধুনিকতাবাদী। আরো আগে থেকে প্রকাশিত হয়ে আসছিল সমকাল। সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পঞ্চাশের দশক থেকে প্রকাশিত হলেও এর প্রকৃত সমৃদ্ধি ষাটের দশকজুড়ে। সমকালকে বলা হয় প্রগতিবাদীসৃষ্টিশীল। সমকাল-এ এমন সব লেখাকে স্থান দেওয়া হতো যে ধরনের লেখা ইতোপূর্বে প্রকাশিত সওগাত, মোহাম্মদী, মাহে-নও ইত্যাদি প্রতিষ্ঠিত সাহিত্যপত্রিকায় প্রকাশিত রচনাগুলো থেকে ভিন্ন ধরনের। সাতচল্লিশের দেশবিভাগের পর পাঠকজ্ঞানবাদী সাহিত্যের অবিরল অব্যাহত ধারার বিরুদ্ধে মুক্তবুদ্ধি ও শুভবুদ্ধির দৃষ্টিসম্পন্ন সাহিত্যের যে পৃষ্ঠপোষকতা করেছিল তাতে সমকাল লিটল ম্যাগাজিন আন্দোলনের প্রভিতূ হয়ে বেঁচে থাকবে।
দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে নতুন রাষ্ট্রের জন্মের পর এ দেশের মানুষের প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল হয়নি। শুরু হলো স্বপ্নভঙ্গ, নিজের মুখের ভাষাকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হলো। ’৫২-র ভাষা আন্দোলন এবং পরবর্তীকালে এ আন্দোলনের পথ ধরে ’৭১-এর স্বাধীনতা যুদ্ধ আমাদের চিত্তে নতুন নতুন ধারণার জন্ম দিয়েছে। ফলে বাঙালির মননে ও চিন্তায় লিটল ম্যাগাজিন ভাবনা প্রকট আকার ধারণ করেছিল। এ সময়ে আধুনিকতাবাদী ধারার পরিণতিতে দেখা দিয়েছে উত্তরাধুনিকতাবাদী প্রবণতা। পাশাপাশি প্রগতিবাদী ধারাও বেগবান হয়ে চলতে লাগলো।
ফজলে লোহানীর সম্পাদনায় ১৯৪৯ সালে বের হয় অগত্যা (১৯৪৯-৫২)। সমকালীন মেধাবী ও প্রগতিশীল একঝাঁক তরুণের উচ্ছ্বাস, আনন্দ, চিন্তাভাবনার উর্বরভূমি ছিল অগত্যা পত্রিকাটি। রাজনৈতিক সাংস্কৃতিক আইডেনটিটির ক্ষেত্রে তাঁদের অবস্থান ছিল মুসলিম লীগের পাকিস্তানবাদী ও প্রতিক্রিয়াশীল প্রতারক ইসলামী ধারার বিপরীতে। এক কথায় স্টাবলিশমেন্টের বিরোধিতা করা ছিল এই তরুণদের উৎসাহী কার্যাবলির মূল প্রেরণা। মধ্যবিত্ত, নব্য-নাগরিক জীবনের এবং বুর্জোয়া মানবতাবাদী মানসিকতার প্রতিফলন ঘটেছে অগত্যার লেখাগুলোতে। ফলে পত্রিকাটি সমকালীন সময়ে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করতে পেরেছিল।
চট্টগ্রাম থেকে মাহবুব-উল-আলম চৌধুরী ও সুচরিতা চৌধুরীর সম্পাদনায় বের হয় সীমান্ত (১৯৪৭-৫২)। মুক্তবুদ্ধির চর্চা আর রোমান্টিক মানস-প্রবণতা মাহবুব-উল-আলম চৌধুরীকে অনেক দুঃসাহসী কাজ করতে উদ্বুদ্ধ করেছিল। ভাষা আন্দোলনের ইতিহাসে এই কাগজ স্মরণীয় হয়ে থাকবে। এছাড়া বাঙালির ইতিহাসের এক বেদনাদায়ক পর্বে চট্টগ্রামের অসাম্প্রদায়িক গণমাধ্যম ও চেতনার প্রতিফলন ঘটেছিল সীমান্তের দাঙ্গাবিরোধী সংখ্যাটিতে।
পঞ্চাশের দশকে আবদুল আলীম চৌধুরী ও আহমদ কবির-এর যৌথ উদ্যোগে প্রকাশিত যাত্রিক (১৯৫৩)-এর প্রথম সংখ্যা। পঞ্চাশের দশকের প্রধান তরুণ কবি-সাহিত্যিকদের সাহিত্যচর্চার আবাদভূমি ছিল যাত্রিক-এর পাতা। পূর্ব বাংলার অর্থাৎ আজকের বাংলাদেশের জনগণের মানসিক সাংস্কৃতিক ও সাহিত্যিক রুচি ও চিন্তাকে বিকৃতির যে ষড়যন্ত্র অক্টোপাসের মতো চাপিয়ে দেয়া হয়েছিল ১৯৫৮-পরবর্তী সময় তা চরম আকার ধারণ করে। এই যুগ-সন্ধিকালে এনামুল হকের সম্পাদনায় বের হয় উত্তরণ (১৯৫৮-৬১)। এই পত্রিকাটিও বাংলাদেশের লিটল ম্যাগাজিন আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেছিল। এছাড়া ফজল শাহাবুদ্দিন সম্পাদিত কবিকণ্ঠ, সাঈদুর রহমানের খাপছাড়া, মহিউদ্দিন আহমদের স্পন্দন, সিরাজুর রহমান সম্পাদিত সংকেত প্রভৃতি কাগজ পঞ্চাশের দশকের লিটল ম্যাগাজিন আন্দোলনকে শানিত করেছিল।
এছাড়া একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেশ কিছু ছোট কাগজ প্রকাশিত হয়েছিল। পঞ্চাশের লিটল ম্যাগাজিন আন্দোলন সম্পর্কে আবদুল মান্নান সৈয়দ বলেন :
আমাদের ’৫০-এর দশকের স্বপ্নসমুদ্রের কিনারাব্যেপে ছিল সংখ্যাহীন বনঝাউ-এর সারি, বীজ উড়ে-উড়ে পড়ছিল সারাটি দশক ধরে, হাওয়ায় ছিল গড়নের স্বপ্ন-স্বপ্নের পলিপ্রসার- পলির নতুন চেতনাদ্যুতি। দেশবিভাগোত্তর এদেশের শিল্পসাহিত্য প্রথমবারের মতো ঘন নিবিড় আত্মস্থ এক সংহতির জ্যামিতি আয়ত্ত করবার জন্যে যেন স্থির হয়ে বসেছিল। এক ধরনের প্রশান্ত উত্তেজে, সংগড়নের স্বপ্নের ভিতর দিয়ে এদেশের সাহিত্য এমন এক শোভাভূমিকা নির্মাণ করছিল- যার দেখা এদেশের মানুষ কোনোকালে পায়নি। একজন মীর মশারফ হোসেন নয় আর, একজন নজরুল ইসলাম নয় আর, নয় একজন কাজী আবদুল ওদুদ- দেখা দিল যৌথ উদ্যোগ, সমবায়ী সমর্পণ, একসঙ্গে এক দীর্ঘ জামাত তৈরি হলো অজস্র লেখকশিল্পীর, সাহিত্যের প্রাসাদের কক্ষে করিডোরে অলিন্দে ব্যালকনিতে যেন কোনো উৎসবের দিনে জমায়েত হলেন গুচ্ছ-গুচ্ছ কবি-সাহিত্যিক। বাংলা সাহিত্যের পুরো ইতিহাসের অভিঘাতে তাঁরা চঞ্চল, স্বতন্ত্র দেশভূমির আলাদা আয়োজনে তাঁরা অস্থির- এই চাঞ্চল্য ও অস্থিরতা কখনো পাশাপাশি হাতে-হাত ধরে, কখনো পরস্পর দ্বন্দ্বারক্ত হয়ে এক সাহিত্যের ভিত্তি পত্তন করে চলল। দেশবিভাগের পরে বছর পাঁচেক যেতে-না-যেতে এমন একটি ঘটনা ঘটল, যা এদেশের সাহিত্যকে আত্মসচেতন ও স্বাতন্ত্র্যমহিম করে তুলল। ’৫২-এর ভাষা-আন্দোলন যে চেতনা জাগিয়ে দিল, তা সাহিত্যেও প্রত্যক্ষ ও দূরপ্রসারী প্রভাব ফেলল- কেননা ভাষাই হচ্ছে সাহিত্যের মাধ্যম। ’৩০-এর লেখকরা, ’৪০-এর লেখকেরা এসে যুক্ত হলেন নবোদ্ভূত ’৫০-এর লেখকদের সঙ্গে-এবং সবাই মিলে ’৫০-এর দশক ভরে তুললেন বিচিত্রের কলরোলে। সন্দেহ নেই, ’৫০-এর নতুন লেখকেরাই ছিলেন নতুন সাহিত্যের পুরোধা; কিন্তু প্রাক্তন অনেক লেখকও নিজেকে নবীভূত করে তুলেছিলেন এই সময়, শরিক হয়েছিলেন নতুন আয়তন রচনায়- এই তথ্যটিও অবিস্মর দ্যুতিমান। সাহিত্য এত দিন এসে দাঁড়িয়েছিল তার নিজের জায়গায়-ধর্মদেশনা, দেশহিতৈশনা, সমাজচিন্তা-এইসব, যা সাহিত্যের কাঁধে হাত রেখে চললে বন্ধুর মতো, গলায় হাত রেখে চললে শত্রুর মতো, যা নিয়ে আমাদের পূর্বপুরুষেরা দীর্ঘকাল কাটিয়েছিলেন, তা থেকে সরে এসে সাহিত্য তার নিজের এলাকায় এসে দাঁড়াল, নিজের পায়ে, নিজের আয়তনে, নিজের বেদনায় ও হর্ষে। আর সেই জায়গাটি আরও শানিত করেছিল ৫০-এর দশকের লিটল ম্যাগাজিনগুলো।
তিন
বাংলাদেশে প্রকৃত লিটল ম্যাগাজিনের যাত্রা শুরু হয় ষাটের দশকে। এ সময়ের উল্লেখযোগ্য কাগজগুলো হলো : সপ্তক (১৯৬২), বক্তব্য (১৯৬৩), স্বাক্ষর (১৯৬৩), স্যাড জেনারেশন (১৯৬৩), যুগপৎ (১৯৬৩), সাম্প্রতিক (১৯৬৪), কণ্ঠস্বর (১৯৬৫), ছোটগল্প (১৯৬৬), কালবেলা (১৯৬৫), না (১৯৬৭), বহুবচন (১৯৭০), স্বদেশ (১৯৬৯), শিল্পকলা (১৯৭০), শব্দের বিকৃতি (১৯৬৯) প্রভৃতি। ষাটের দশকের প্রথম উল্লেখযোগ্য কাগজ সপ্তক। এই পত্রিকায় একদল নতুন লেখক সাহিত্যে, বিশেষ করে গল্পে নতুন প্রাণের সুর বেঁধেছিলেন। সপ্তক প্রকাশিত হওয়ার পরপর প্রকাশিত হয় বক্তব্য, স্বাক্ষর, স্যাড জেনারেশন, যুগপৎ। ‘স্বাক্ষর’-ই এ দেশের প্রথম প্রকৃত লিটল ম্যাগাজিন, যা শিবের মতো এক হাত ধ্বংস আর এক হাত সৃষ্টি করেছিল। বক্তব্যে, যুগপৎ-এ, স্যাড জেনারেশনে ছিল কেবল ধ্বংস ঘোষণা, পুরোনোর ফাটল ধরানো। সেই ধ্বংসপ্রাপ্ত জমির ওপর নতুন শহর বসাল স্বাক্ষর। এদিক-ওদিক বিক্ষিপ্ত ও এলোমেলো হয়েছিল যে তরুণ কবিরা, স্বাক্ষর তাদের একটি শিবিরে পুঞ্জীভূত করল। ১৯৬৪ সালে সাম্প্রতিক প্রকাশিত হলে স্বাক্ষর-এর কেউ কেউ ভিড় করেছিল এ কাগজে। এ ভিড়ের এক দিক ছিল-সাম্প্রতিক সম্পূর্ণ সাহিত্যপত্র আর স্বাক্ষর ছিল শুধু কবিতাপত্র। ষাটের দশকের মাঝামাঝি ছোটগল্প প্রকাশে মনোনিবেশ করেছিল ছোটগল্প, শ্রাবস্তী ও সূচীপত্র পত্রিকা তিনটি। এ সময় স্বরগ্রাম, উল্কা, সুন্দরম পত্রিকাগুলো ছোটগল্পবিষয়ক বিশেষ সংখ্যা বের করেছিল। এ সময় ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল ‘ছোটগল্প সমিতি’ নামে একটি সংগঠনও। এই সমিতি থেকে কামাল বিন মাহতাবের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় ছোটগল্প। শুধু ছোটগল্পকেন্দ্রিক পত্রিকা হিসেবে এটিই বাংলাদেশের প্রথম গল্পবিষয়ক পত্রিকা। ছোটগল্প-এর প্রথম সংখ্যায় যে ঘোষণাপত্রটি প্রকাশিত হয়েছিল তা হলো :
কাব্যভারাক্রান্ত বা কষ্টার্জিত শব্দমণ্ডলীর আপাতমধুর বিভ্রান্তিতে যাঁরা আচ্ছন্ন নয়-নিরীক্ষণমূলক আধুনিক গল্প বলতে যাঁরা ঋজু, তীক্ষ্ণ অথচ সৎ এবং জীবননিষ্ঠ গল্প বোঝেন-ছোটগল্প মূলত তাঁদের পত্রিকা।
দেশের সাম্প্রতিক শিল্পচিন্তার বিশ্বস্ততম প্রতিনিধি সেইসব তরুণ গল্পকারদের অন্তঃসত্ত্বা প্রচেষ্টাকে আমরা আনন্দে, গৌরবে ও মধুর উৎকণ্ঠায় তুলে ধরতে সর্বদা আগ্রহী।
সুতরাং গল্প লিখুন। যে-গল্প অনাবশ্যক বাগ্মিতা বা অপ্রয়োজনীয় শব্দসম্ভারে ভারাক্রান্ত নয়। যে-গল্প চিন্তার প্রতিটি স্তরে সমান আবেদনময়। গল্পকে কবিতার আক্রমণ থেকে রক্ষা করুন এবং জীবনের কাছাকাছি ফিরে আসতে দিন।
মধ্যষাটে আবদুল্লাহ আবু সায়ীদ-এর সম্পাদনায় বের হয় কণ্ঠস্বর। প্রায় বারো বছর নিয়মিত ও অনিয়মিতভাবে প্রকাশিত হওয়ার দ্বন্দ্বই কণ্ঠস্বর-কে তাৎপর্যমণ্ডিত করে তুলেছিল। দীর্ঘ সময় ধরে পত্রিকাটি প্রকাশিত হওয়ায় এর প্রধান লেখকরা তাঁদের আত্মকণ্ঠকে তীব্র ও স্পষ্ট করে তুলতে পেরেছেন; পেরেছেন লেখকের সৃজনীদ্যুতিকে উজ্জ্বল করে তুলতে। ষাটের দশকে কণ্ঠস্বরকে কেন্দ্র করে যে নতুন সুর বেঁধেছিল তা পত্রিকাটিতে প্রকাশ পেল এভাবে :
ষাটের দশকের আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট ও সামাজিক প্রেক্ষাপটে লিটল ম্যাগাজিন আন্দোলন ও কণ্ঠস্বরের কার্যক্রম সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে আহমাদ মাযহার লিখেছেন‘ষাটের দশক ছিল বাঙালি জাতীয়তাবাদী রাজনীতির উত্থানের সময়, পাকিস্তানিদের স্বার্থে বেনিয়া বুর্জোয়াদের বিকাশের সময়। এ দেশের বামপন্থী রাজনীতিও একটি শক্তিশালী অনুষঙ্গ হিসেবে বিকাশ লাভ করতে শুরু করে এ সময়ই। এ দেশের সাহিত্যে সমাজ-রাজনীতির এই অভিঘাতগুলো ষাটের দশকে বেশ তীব্রভাবে অনুভূত হয়েছিল। এইসব প্রবণতাকে বিচ্ছিন্নভাবে ধারণ করে রেখেছিল ষাটের দশকের লিটল ম্যাগাজিনগুলো। কণ্ঠস্বর পত্রিকা তার দীর্ঘস্থায়িত্ব এবং এর সম্পাদকের উদার ও মুক্ত গ্রহণদৃষ্টির জন্য সক্ষম হয়েছিল সমাজ-রাজনীতির স্পষ্টভাবে অনুভূত এই দ্বিমুখী প্রবণতাকে ধারণ করতে। বাংলাদেশের সাহিত্যের রূপতাত্ত্বিক এবং চেতনাগত বিকাশ যা ষাটের দশকের লিটল ম্যাগাজিন স্রোতের প্রধান অনুষঙ্গতাকে সবচেয়ে সম্পন্নভাবে ধারণ করতে সক্ষম হয়েছিল কণ্ঠস্বর।
আবদুল মান্নান সৈয়দ ও আবদুস সেলিম সম্পাদিত শিল্পকলা ছিল ষাটের দশকের ভিন্নধর্মী লিটল ম্যাগাজিন। পত্রিকাটি কবিতাচর্চার পাশাপাশি চিত্রকলা, চলচ্চিত্রসহ সাহিত্যের অন্যান্য শাখায় বিচরণ করেছিল সার্থকতার সঙ্গে।
ষাটের দশকে ঢাকাকে কেন্দ্র করে লিটল ম্যাগাজিনের যে আন্দোলন শুরু হয়েছিল তা ছড়িয়ে পড়েছিল সমস্ত বাংলাদেশে। এসময় চট্টগ্রাম থেকে পূর্বপত্র, অচিরা, মেঘনা; রাজশাহী থেকে সুনিকেত মল্লার, রৌদ্র তিমিরে, বনানী, অনুল্লেখ, অন্তরঙ্গ, কবিতাগুচ্ছ, একান্ত, অন্বেষা, বাংলার মুখ; ব্রাহ্মণবাড়িয়া থেকে ভেলা, বগুড়া থেকে বিপ্রতীক, পদধ্বনি, অবেলা; বরিশাল থেকে বিহঙ্গ, উত্তরা, টাঙ্গাইল থেকে শব্দরূপ, যান্ত্রিক; ময়মনসিংহ থেকে আগামী, খুলনা থেকে উচ্চারণ, উদ্দীপন; রংপুর থেকে উত্তরমেঘ প্রভৃতি।
চার
ষাটের দশকে লিটল ম্যাগাজিনগুলোকে কেন্দ্র করে যে সাহিত্য আন্দোলন শুরু হয়েছিল স্বাধীনতাউত্তর সে ধারা অব্যাহত থাকেনি। ষাটের দশকে নানামুখী সংকটের মধ্যে যে স্বপ্ন ছিল সত্তরের দশকের শুরুতে সে স্বপ্ন ভঙ্গ হয়েছিল। স্বাধীনতাউত্তর সময়ে সমাজজীবনে ও রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল। ফলে সে সময়ে মানুষের মনোজগতে একটা আমূল পরিবর্তন দেখা যায়। সেই পরিবর্তনের হাওয়া এসে লাগে সাহিত্যজগতেও। হতাশায় নিমজ্জিত হয় সমগ্র জাতি। এ সময়ে চিন্তার জগতে ঘটে আমূল পরিবর্তন, সাহিত্য নিয়ে গভীরতা বিশ্লেষণে দেখা যায় অনীহা, ব্যক্তিস্বার্থ উদ্ধার, বাহ্যিক সৌন্দর্যের প্রতি আকর্ষণ প্রভৃতি প্রবণতা ব্যক্তিজীবনে প্রকটভাবে দেখা দিয়েছিল। ষাটের দশকে এক একটা লিটল ম্যাগাজিনকে কেন্দ্র করে যে সাহিত্য প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, সত্তরে এসে তা ভেঙে যায়। দৈনিক ও সাপ্তাহিক পত্রিকাগুলো হয়ে ওঠে সাহিত্যচর্চার উর্বরভূমি।
এই সংকটের মধ্যেও বেশ কয়েকটি লিটল ম্যাগাজিন সত্তরের দশকে আমাদের সাহিত্যচর্চার ধারাকে বেগবান রেখেছে। মফিদুল হক সম্পাদিত গণসাহিত্য (১৯৭২)-এর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এই পত্রিকাটি প্রগতিশীল লেখকদের নিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিল। পঞ্চাশের দশকের সমকাল পত্রিকার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল গণসাহিত্য পত্রিকাটি। গত তিন দশকের সাহিত্যিকদের সরব পদচারণা ছিল পত্রিকাটিতে। এ পত্রিকাটির সঙ্গে আবুল হাসনাত, মানজারে হাসিন, কাজল বন্দ্যোপাধ্যায়, তানভীর মোকাম্মেল, মুস্তফা পান্না স্বনিষ্ঠভাবে যুুক্ত ছিলেন। এ সময়ে মোহাম্মদ কামরুল ইসলামের সম্পাদনায় বের হয় কালস্রোত (১৯৭২)। এই পত্রিকাটি চারিত্রিক দিক থেকে ষাটের দশকের লিটল ম্যাগাজিনের চেতনাকে ধারণ করেছিল। সত্তরের দশকের শেষ দিকে সাঈদ জুবেরী ও জাহিদ হায়দারের সম্পাদনায় বের হয় বিপক্ষে। কথাসাহিত্যকেন্দ্রিক এ পত্রিকাটি সত্তরের দশকের লেখকদের চটুল রম্যপ্রিয়তার বিপক্ষে দাঁড়াতে চেয়েছিল। কুমিল্লা থেকে তিতাশ চৌধুরীর সম্পাদনায় বের হয় অলক্ত। এই পত্রিকাটিও সাহিত্যক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সত্তরের কথাসাহিত্য ধারাকে বেগবান করার ক্ষেত্রে পত্রিকাটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। মধ্য সত্তরে আবিদ আজাদের সম্পাদনায় বের হয় কবি (১৯৭৫)। কবিতাপত্র হিসেবে এর পাতায় উপস্থিত থাকতো সমকালীন কবিদের বিশ্লেষণধর্মী কবিতাগুলো। স্বাধীন বাংলাদেশের প্রথম লিটল ম্যাগাজিন মুখপত্র (১৯৭২) বের হয় ওবায়দুল ইসলাম ও মুহম্মদ হাবিবুল্লাহর সম্পাদনায়। চারিত্র প্রকাশিত হয় আবদুল মান্নান সৈয়দ ও আবদুস সেলিমের সম্পাদনায়। সত্তরের দশকে আরো বেশ কিছু লিটল ম্যাগাজিন প্রকাশিত হয়। যেমন : খালেদা এদিব চৌধুরী সম্পাদিত অতলান্তিক (১৯৭৭), আবুল হাসনাত ও শফিক খান সম্পাদিত অধুনা (১৯৭২), রুহুল আমিন বাবুল সম্পাদিত আগমন, সৈয়দ মোহাম্মদ শাহেদ ও মানজারে হাসিন সম্পাদিত আগমনী, শরীফ হারুন সম্পাদিত উচ্চারণ, আবুল হাসান ও সৈয়দ সালাউদ্দীন জাকী সম্পাদিত কাক, বদরুদ্দিন দেওয়ান সম্পাদিত কাদামাটি, ফজল মাহমুদ সম্পাদিত চিরকুট প্রভৃতি।
নাটকবিষয়ক পত্রিকা থিয়েটার রামেন্দু মজুমদারের সম্পাদনায় বের হয়। সত্তরের দশক থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের নাট্য আন্দোলনে পত্রিকাটি উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলছে। স্বাধীনতাউত্তর নাটকবিষয়ক আরো পত্রিকা হলো থিয়েটারওয়ালা (১৯৯৮)। পত্রিকাটির সম্পাদক-হাসান শাহরিয়ার। নাসির উদ্দিন ইউসুফ সম্পাদিত মঞ্চ, হাসান আলীম সম্পাদিত নাট্যমঞ্চ নাটকবিষয়ক এ পত্রিকাগুলোতে বাংলাদেশের গ্রুপ থিয়েটারসহ মঞ্চ নাটকের নানা দিক উঠে এসেছে। বিষয়ভিত্তিক লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে থিয়েটার ও থিয়েটারওয়ালার ভূমিকা উল্লেখযোগ্য।
আনওয়ার আহমদ ও বেবী আনওয়ার-এর সম্পাদনায় বের হয় রূপম ও কিছুধ্বনি। পত্রিকাটির প্রথম দিকের সম্পাদক ছিলেন বেবী আনওয়ার এবং আশির দশক থেকে আনওয়ার আহমদ নিয়মিতভাবে সম্পাদনা করেন। তবে পত্রিকা দুটির যাত্রা শুরু হয়েছিল ষাটের দশকে। কিন্তু সত্তরের দশক থেকে বিশেষ ভূমিকা পালন করেছিল। কখনো বগুড়া, কখনো ঢাকা থেকে প্রকাশিত হতো পত্রিকা দুটি। নতুন লেখকদের পৃষ্ঠপোষকতা হিসেবে রূপম ও কিছুধ্বনির রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা।
পাঁচ
সত্তরের দশকে লিটল ম্যাগাজিন প্রকাশের ক্ষেত্রে যে সংকট দেখা দিয়েছিল আশির দশকে এসে তা অনেকটা কাটিয়ে উঠতে দেখা যায়। তবে আশির দশকে এসে লেখকদের চিন্তার গভীরতা কমতে থাকে। মধ্য আশিতে এসে লেখার সংকট দেখা যায়, যা বর্তমানে আরো ব্যাপকতা পেয়েছে। এ সময় থেকে মুদ্রণ ব্যয় বেড়ে যাওয়ায়, বিজ্ঞাপন প্রাপ্তির দুরূহতার পাশাপাশি লিটল ম্যাগাজিনের জন্য পর্যাপ্ত শ্রম ও সততার তীব্র অভাব দেখা যায়। এই সংকটের মধ্যেও সততা ও শ্রমের সার্থক প্রয়াস লক্ষ করা যায় বেশ কিছু লিটল ম্যাগাজিনে।
আবুল কাসেম ফজলুল হক সম্পাদিত লোকায়ত (১৯৮২), মীজানুর রহমান সম্পাদিত মীজানুর রহমানের ত্রৈমাসিক, বদরুদ্দীন উমর সম্পাদিত সংস্কৃতি, খোন্দকার আশরাফ হোসেন সম্পাদিত একবিংশ, আবু ইউসুফ সম্পাদিত আত্মপ্রতিকৃতি, তপন বড়ুয়া সম্পাদিত গাণ্ডীব, মোহাম্মদ শাকের উল্লাহ সম্পাদিত ঊষালোকে প্রভৃতি লিটল ম্যাগাজিন আশির দশকের সাহিত্যকে গতিশীল করে।
আশির দশকের শুরুতে বের হয় আবুল কাসেম ফজলুল হক সম্পাদিত লোকায়ত। সৃজনশীল এই পত্রিকাটি লিটল ম্যাগাজিনের চারিত্র্য বৈশিষ্ট্যকে ধারণ করেছিল। লোকায়ত-র প্রায় সংখ্যাতেই লেখা থাকতো যারা জানতে চায়, বুঝতে চায়, তর্ক করতে চায়, অতীতের গর্ভ থেকে বর্তমানকে মুক্ত করে অন্যায়মুক্ত, অভাবমুক্ত নতুন বাংলাদেশ নির্মাণ করতে চায় লোকায়ত তাদের পত্রিকা। লোকায়ত পত্রিকাকে কেন্দ্র করে একদল লেখক নতুন সাহিত্য বিনির্মাণে ব্রতী হয়েছিলেন। আশির দশকের সাহিত্য বিকাশে লোকায়ত-র ভূমিকা প্রশংসাযোগ্য। প্রায় চার দশক ধরে প্রকাশিত এ পত্রিকাটি আমাদের চিন্তার জগৎকে সমৃদ্ধ করেছে।
মীজানুর রহমানের সম্পাদনায় ১৯৮৩ সালে প্রকাশিত হয় মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা। এ পত্রিকাটি কবি আহসান হাবীব সংখ্যা, কামরুল হাসান সংখ্যা, বিদ্যাসাগর সংখ্যা, শামসুর রাহমান সংখ্যাসহ বৃক্ষ (১৯৮৬), পক্ষী (১৯৮৯), বৃক্ষ ও পরিবেশ (১৯৯১), নদী (১৯৯৯), গণিত ১ম ও ২য় খণ্ড (১৯৯৫) সংখ্যা বের করে আমাদের সাহিত্যভান্ডারকে সমৃদ্ধ করেছে। এ সংখ্যাগুলোর মাধ্যমেই পত্রিকাটি লিটল ম্যাগাজিনের চরিত্রকে ধারণ করতে সক্ষম হয়েছে। আশি ও নব্বইয়ের দশকে আমাদের সাহিত্যকে সমৃদ্ধকরণে পত্রিকাটির ভূমিকা উল্লেখযোগ্য।
তপন বড়ুয়ার গাণ্ডীব আশির দশকের লিটল ম্যাগাজিন আন্দোলনে উল্লেখযোগ্য ঘটনা। সমকালীন প্রগতিশীল নতুন লেখকদের সাহিত্যচর্চার উর্বরভূমি ছিল গাণ্ডীব-এর পাতা।
খোন্দকার আশরাফ হোসেন সম্পাদিত একবিংশ। কবিতা ও কবিতাবিষয়ক গদ্যের মাধ্যমে সম্পৃক্ত এ লিটল ম্যাগাজিনটি। বিষয়ভিত্তিক সংখ্যা প্রকাশের পাশাপাশি প্রাচ্য ও পাশ্চাত্য সাহিত্যতত্ত্বের নানারূপ বিচার-বিশ্লেষণ পত্রিকাটিকে সমৃদ্ধ করেছে।
বদরুদ্দীন উমর সম্পাদিত সংস্কৃতি লিটল ম্যাগাজিনের চরিত্রকে ধারণ করে আমাদের চিন্তার জগতে এনেছে ব্যাপক পরিবর্তন। এছাড়া আশির দশকের আরো বেশ কিছু লিটল ম্যাগাজিন রয়েছে। যেমন : পারভেজ হোসেন ও শহিদুল আলম সম্পাদিত সংবেদ, মঈন চৌধুরী সম্পাদিত প্রান্ত, এজাজ ইউসুফী সম্পাদিত লিরিক, সাইফুল্লাহ মাহমুদ দুলাল সম্পাদিত ছোট কাগজ, হাবিব ওয়াহিদ সম্পাদিত অনিন্দ্য, সাজজাদ আরেফিন সম্পাদিত নান্দীপাঠ, কবীর হুমায়ুন সম্পাদিত অর্ক, লিয়াকত আলী সম্পাদিত প্রেক্ষিত, শেখ আবদুল বাতেন সম্পাদিত বীক্ষণ, মুহম্মদ হাবিবুল্লাহ সম্পাদিত সমালোচনা, সরকার আশরাফ সম্পাদিত নিসর্গ, তানভীর মোকাম্মেল সম্পাদিত মন্তাজ, খোরশেদ আলম সম্পাদিত বিতর্ক, মিনার মনসুর সম্পাদিত এপিটাফ, সাদাত উল্লাহ খান সম্পাদিত প্রতিবুদ্ধিজীবী, নাঈম হাসান সম্পাদিত নিরন্তর, মনজুরে মওলা সম্পাদিত শ্রাবণ, সালাম সালেহ উদদীন সম্পাদিত অরুন্ধ্যতী, আবদুল হাই শিকদার সম্পাদিত আশির দশক প্রভৃতি পত্রিকায় নিরীক্ষাধর্মী সাহিত্যচর্চার পাশাপাশি সমাজ, রাজনীতি, অর্থনীতি, শিল্পকলা চর্চার মাধ্যম ছিল। এসব লিটল ম্যাগাজিনকে কেন্দ্র করেই আমাদের মুক্তবুদ্ধিচর্চার জমিন প্রসারিত হয়েছে।
ছয়
নব্বইয়ের দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রকাশিত হচ্ছে বেশ কিছু লিটল ম্যাগাজিন। নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক ধারা বিকাশের ফলে আমাদের মুক্তচিন্তার পথ আরো প্রসারিত হয়েছে। অর্থনৈতিক মুক্তির পাশাপাশি চিন্তার জগতে লেগেছে বহির্বিশ্বের ছোঁয়া। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আর ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীব্যাপী গণসংযোগের যে সুযোগ তৈরি হয়েছে তার ফলে আমাদের সাহিত্যে যুক্ত হয়েছে নতুন নতুন প্রবণতা। নতুন
চিন্তা এবং নিরীক্ষাধর্মী লেখা প্রকাশের মাধ্যমে লিটল ম্যাগাজিনগুলো আশ্রয় করে সমৃদ্ধ হচ্ছে আমাদের সাহিত্য। অন্যদিকে লিটল ম্যাগাজিনকে কেন্দ্র করে সত্তরের দশকে যে বিজ্ঞাপন বাণিজ্য চলে আসছিল এই সময়ে সে চিত্র আরো প্রকট আকার ধারণ করছে। এ সময়ে কিছু কিছু সম্পাদক বিজ্ঞাপন বাণিজ্যের জন্য তার পত্রিকাটির বাহ্যিক সৌন্দর্যের দিকে খুব বেশি মনোযোগী হয়েছেন। ফলে সাহিত্যের মান দুর্বল হয়ে পড়েছে। বাজারে ঢাউস ঢাউস অনেক কাগজ দেখা যায়, যার অধিকাংশেরই সাহিত্যমান খুবই নিম্ন। কেউ কেউ লিটল ম্যাগাজিন আন্দোলনের চিৎকার করছেন, প্রতিষ্ঠান-বিরোধিতার কথা বলছেন, এস্টাবলিশমেন্ট-বিরোধিতার কথা বলছেন, আবার পরমুহূর্তেই এক সংখ্যা প্রকাশ করে দৈনিক পত্রিকার সাহিত্য সম্পাদকের কাছে ধরনা দিচ্ছেন। নিজেই লিটল ম্যাগাজিন বিক্রির নামে প্রতিষ্ঠান তৈরি করছেন। করছেন নানা রকমের আয়োজন। এ সবকিছুর পরিণতিতে দৈনিক পত্রিকার কোনো পাতার দায়িত্ব পেলেই হিসাব গুটিয়ে নেন লিটল ম্যাগ আন্দোলনের। এ সংকট ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অধিকাংশ পত্রিকা কবিতা আর কবিতাবিষয়ক গদ্য। পত্রিকাগুলো উল্টিয়ে দেখলে সমাজ-সচেতনতার চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না রুচিবোধের পরিচয়। স্বল্পবিত্ত নয়, উচ্চবিত্ত পরিচয় ফুটে ওঠে এসব লিটল ম্যাগাজিনে। আর সততার ও শিল্পের প্রশ্ন তো রয়েই যায়। এসবের মধ্য দিয়ে প্রতিদিনই লিটল ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে। তবে এসব সমস্যার মধ্যেও বেশ কিছু কাগজ শিল্পের দায়বদ্ধতার জায়গাকে উঁচুতে তুলে ধরে প্রকাশিত হচ্ছে।
এসব সংকটের মধ্যে প্রকাশিত নব্বই দশক এবং একুশ শতকে প্রকাশিত বেশ কিছু পত্রিকার উল্লেখ করবো :
ক. নব্বই দশক
হেনরী স্বপন সম্পাদিত জীবনানন্দ, নয়ন আহমেদ, আল হাফিজ ও পথিক মোস্তফা সম্পাদিত শেকড়, হাফিজ রশিদ খান ও চৌধুরী বাবুল বড়ুয়া সম্পাদিত সমুজ্জ্বল সুবাতাস, শহীদ ইকবাল সম্পাদিত চিহ্ন, পাপড়ি রহমান সম্পাদিত ধূলিচিত্র, আমিনুর রহমান সুলতান সম্পাদিত অমিত্রাক্ষর, ওমর কায়সার সম্পাদিত মধ্যাহ্ন, বেণী লাল দাশগুপ্ত বেণু সম্পাদিত মৃত্তিকা, তপংকর চক্রবর্তী সম্পাদিত নান্দনিক, কমলেশ দাশগুপ্ত সম্পাদিত অন্তরীপ, মোহীত উল আলম, নিতাই সেন সম্পাদিত কালধারা, পুলিন রায় সম্পাদিত ভাস্কর, হাবিবুর রহমান সম্পাদিত খোয়াব, কামরুল হুদা পথিক সম্পাদিত দ্রষ্টব্য, যাকির সাইদ সম্পাদিত অ, রিপন মাহমুদ ও বদরে মুনীর সম্পাদিত উটপাখি, জিল্লুর রহিম সম্পাদিত রাশ, শাশ্বত ভট্টাচার্য সম্পাদিত ছাপাখানা, সরকার আমীন সম্পাদিত মঙ্গলসন্ধ্যা, প্রত্যয় জসীম সম্পাদিত গদ্য, তারেক মাহমুদ সম্পাদিত পথিক, অনিকেত শামীম সম্পাদিত লোক, ওবায়েদ আকাশ সম্পাদিত শালুক, সোহেল মাযহার সম্পাদিত কাশপাতা, শহিদ উল ইসলাম সম্পাদিত কবিধ্বনি, হামিদ রায়হান সম্পাদিত উত্তর পুরুষ, হারুন হাবিব সম্পাদিত জীবনানন্দ, আবু হেনা আবদুল আউয়াল সম্পাদিত পরাবাস্তব, রবিউল করিম সম্পাদিত ব্যাস, জাহাঙ্গীর কবীর সম্পাদিত বিষয় মানুষ, আহমেদুর রশীদ সম্পাদিত শুদ্ধস্বর প্রভৃতি।
খ. একুশ শতক
ঢাকা : রাতুল আহমেদ সম্পাদিত লাস্টবেঞ্চ, আমজাদ সুজন সম্পাদিত উল্লেখ, জেসমিন মুন্নী সম্পাদিত দ্রাঘিমা, আদিত্য অন্তর সম্পাদিত ত্রিবেণী, রহমান হেনরী সম্পাদিত পোয়েট ট্রি, সম্পাদনা পর্ষদ সম্পাদিত চারবাক, মাসুদ পথিক সম্পাদিত ব্রাত্য, নৃপ অনুপ সম্পাদিত কালনেত্র, সঞ্জীব পুরোহিত সম্পাদিত দাঁড়কাক, মজিদ মাহমুদ সম্পাদিত পর্ব, আহমেদ ফিরোজ সম্পাদিত বিবিক্ত, শহিদুল্লাহ সিরাজী সম্পাদিত সময়কাল, জাফরুল আহ্সান সম্পাদিত কাদাখোঁচা, মোহাম্মদ আজম সম্পাদিত তত্ত্বতালাশ, জাফর তালুকদার সম্পাদিত গল্প, কাজী নাসির মামুন সম্পাদিত মেইন রোড, অরূপ কিষাণ সম্পাদিত ব্রতকথা, এহসান হাবীব সম্পাদিত শূন্য, সিদ্ধার্থ টিপু সম্পাদিত শালিক জংশন, গৌতম কৈরী সম্পাদিত ঘুড্ডি, রুদ্র আরিফ সম্পাদিত গুহাচিত্র, রাশেদ রহমান সম্পাদিত উতঙ্ক, হাসানুর রশীদ সম্পাদিত শতদ্রু, ফকরুল চৌধুরী সম্পাদিত সংজ্ঞা, মাসউদ আহমাদ সম্পাদিত গল্পপত্র।
চট্টগ্রাম : জাকির জাফরান সম্পাদিত জলকাচ, স্বরূপ ভট্টাচার্য সম্পাদিত পরানকথা, আরদাশির মিল্লাত সম্পাদিত কাহ্নপা, ফজলে এলাহী সম্পাদিত পার্বত্য পুরাণ, সাইদুল ইসলাম, নায়েম লিটু, অঞ্জন সরকার জিমি, চন্দন চৌধুরী সম্পাদিত চর্যাপদ, চন্দন চৌধুরী সম্পাদিত বেহুলা বাংলা, শরীফা বুলবুল সম্পাদিত ঘুড্ডি, বিপ্লব বণিক সম্পাদিত ম্যানগ্রোভ, যীশু রায় চৌধুরী সম্পাদিত দেবদারু, বায়েজীদ নাঈম সম্পাদিত জারুল, কামরুজ্জামান জাহাঙ্গীর সম্পাদিত কথা, মনিরুল মনির সম্পাদিত খড়িমাটি, আসমা বীথি সম্পাদিত ঘুড়ি, মাজহারুল ইসলাম তিতুমীর সম্পাদিত স্বর, আলী প্রয়াস সম্পাদিত তৃতীয় চোখ, মিজানুর রহমান শামীম সম্পাদিত প্রতীকী, রমজান মাহমুদ সম্পাদিত লিমেরিক, দীলিপ দাশ সম্পাদিত চরাচর, তানিম কবির, উৎপল সুজন সম্পাদিত সলতে, মোহাম্মদ নূরুল হক সম্পাদিত মেঠোপথ।
বরিশাল : মিজান রহমান সম্পাদিত কর্ষণ, নাজমুল শামীম সম্পাদিত আগুনমুখা, অভিজিৎ দাস সম্পাদিত ধ্রুবতারা, তুহিন দাস সম্পাদিত আরণ্যক, আবুল বাসার সেরনিয়াবাদ সম্পাদিত পটুয়া, আযাদ আলাউদ্দীন সম্পাদিত উৎস ও মুক্তবুলি আখতারুজ্জামান ইরান সম্পাদিত কণ্যাসী, মোয়াজ্জেম হোসেন মানিক নতুন মুখ।
রাজশাহী : সজল সমুদ্র সম্পাদিত জলপিপি, শোয়েব শাহরিয়ার সম্পাদিত পুণ্ড্র, সম্পাদনা পর্ষদ সম্পাদিত অভীপ্সা, সালেহ মুহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত কাকতাড়ুয়া, লিটন সাহা সম্পাদিত জলছাপ, মামুন রশীদ সম্পাদিত দ্বিবাচ্য, ইসলাম রফিক সম্পাদিত দোআঁশ, আব্দুর রশীদ সম্পাদিত পুণ্ড্রতোয়া, এমরান কবির সম্পাদিত থার্ডম্যাগ, বিধান সাহা সম্পাদিত ধনুক, অচিন্ত্য চয়ন সম্পাদিত অদ্রি, আবু সাঈদ অরুণ সম্পাদিত ঘুড়িঘর, নিধি রহমান হিল্লোল সম্পাদিত
উড়ুপ, অরণ্য প্রভা সম্পাদিত পুণ্ড্র, ঈশান সামী/প্রান্তিক অরণ্য সম্পাদিত বাতিঘর, শামীম শামস সম্পাদিত বিহার, মাহবুব রতন সম্পাদিত দেউড়ি, কাজল রহমান সম্পাদিত দীঘি, আসাদুর রহমান সম্পাদিত বর্ণকথা, সরোজ দেব সম্পাদিত শব্দ, সম্পাদনা পর্ষদ সম্পাদিত বালুচর, শাহানা আকতার মহুয়া সম্পাদিত ছান্দস, রানা ভিক্ষু ও মিটন আলম সম্পাদিত মৃৎ, রবু শেঠ সম্পাদিত পুনশ্চ, বিনয় সরকার সম্পাদিত উঠোন, ইউসুফ তাপস সম্পাদিত বঁfশি।
সিলেট : আহমদ সায়েম সম্পাদিত সূনৃত, সৈয়দ আফসার সম্পাদিত অর্কিড, শুভেন্দু ইমাম সম্পাদিত পাঠকৃতি, খালেদ উদ্দীন সম্পাদিত বুনন, চ্যামন দাশ সম্পাদিত উজান গাঁ, মালেকুল হক সম্পাদিত গন্দম, মালেক সুরমান সম্পাদিত প্রাচ্য, রাজীব চৌধুরী সম্পাদিত চৈতন্য, সেজুল হোসেন সম্পাদিত ভিন্নমুখ, বিলাল হোসেন সম্পাদিত চারুতা, শামস শামীম সম্পাদিত জাঙ্গাল, মুজাহিদ আহমদ সম্পাদিত কোরাস, সুমন সুপান্থ সম্পাদিত স্রোতচিহ্ন, সামন্ত সাবুল সম্পাদিত লেখাবিল, সুফিয়া জমির ডেইজী সম্পাদিত রেশ, সৌরভ সোহাগ সম্পাদিত দাহপত্র, জাভেদ ভুইয়া সম্পাদিত জলপাই, সুমন আজাদ সম্পাদিত বটতলা।
খুলনা : সালেহ মোহাম্মদ শহিদুল্লাহ সম্পাদিত কাকতাড়ুয়া, অভীক সোবহান সম্পাদিত দ, রাসেল মাহমুদ সম্পাদিত বাউণ্ডুলে, শাজান শীলন সম্পাদিত কহন, মুন্না মানসী সম্পাদিত শব্দপর্ণ, সম্পাদনা পর্ষদ সম্পাদিত জ্যাঁ, নির্লিপ্ত নয়ন, অনন্ত উজ্জ্বল সম্পাদিত ঢোল সমুদ্দুর, কাজী টিটো সম্পাদিত শূন্যস্থান, সফিয়ার রহমান সম্পাদিত পড়শি, হোসেন উদ্দিন হোসেন সম্পাদিত মরাল, শাফি সমুদ্র সম্পাদিত জলনৌকা ইত্যাদি পত্রিকা আমাদের সাহিত্যচর্চার ভূমি তৈরি করছে। আগামীতে এসব কাগজের মধ্য দিয়ে এমন কিছু কাগজ বের হয়ে আসবে যেগুলো আমাদের লিটল ম্যাগাজিন চর্চার ধারাকে সমৃদ্ধ করবে।
নতুন শতাব্দীর শুরুতে প্রকাশিত তিনটি পত্রিকার নাম উল্লেখ না করলেই নয়, যে পত্রিকা তিনটি আমাদের সাহিত্য ধারায় নতুন মাত্রা সংযোগ করেছে। ড. সিরাজুল ইসলাম চৌধুরী সম্পাদিত নতুন দিগন্ত, আবদুল্লাহ আবু সায়ীদ সম্পাদিত আবহমান এবং সৈয়দ আকরম হোসেন সম্পাদিত উলুখাগড়া। পত্রিকা তিনটিকে লিটল ম্যাগাজিন না বলে সাহিত্যপত্র বলাই যুক্তিসংগত। তবে সমকালীন সাহিত্যচর্চা ও চিন্তার ক্ষেত্রে পত্রিকা তিনটি ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটিয়েছে।
বাংলাদেশ সৃষ্টির আগে থেকে বাঙালি জাতির মেধা ও মনন চর্চায় এবং নতুন সাহিত্য সৃষ্টিতে লিটল ম্যাগাজিন বিশেষ ভূমিকা পালন করে আসছে। আমাদের চিন্তার জগতে যারা প্রতিষ্ঠিত তাদের একদিন খুঁজে পাওয়া যেত এসব লিটল ম্যাগাজিনে। জাতির সাহিত্য ধারাকে প্রাণবন্ত রাখা খুব জরুরি। তাই সাহিত্য চর্চার কেন্দ্রবিন্দু এসব লিটল ম্যাগাজিন চর্চার প্রতি আরো বেশি মনোযোগী হওয়া প্রয়োজন।
সহায়কগ্রন্থ
১. সন্দীপ দত্ত : লিটল ম্যাগাজিন ভাবনা। কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র, কলকাতা ৭০০০০৯। ১১ জানুয়ারি ২০০০
২. মিজান রহমান সম্পাদিত : দুই বাংলার লিটল ম্যাগাজিন ভাবনা। ঢাকা, ফেব্রুয়ারি ২০০৮
৩. মিজান রহমান সম্পাদিত : বাংলাদেশের লিটল ম্যাগাজিন পরিচিতি। কর্ষণ সাহিত্য কেন্দ্র, স্বরূপকাঠি, ফেব্রুয়ারি ২০০৪
৪. মিজান রহমান সম্পাদিত : বাংলাদেশের লিটল ম্যাগাজিন চর্চা : অতীত ও বর্তমান। ভাষাপ্রকাশ সংস্করণ, ফেব্রুয়ারি ২০২২
৪. সুধীর চক্রবর্তী সম্পাদিত : ধ্রুবপদ (বুদ্ধিজীবী নোটবই), কলকাতা ২০০০
৫. বুদ্ধদেব বসু : সাহিত্যপত্র, কলকাতা : দেশ মে ১৯৫৩
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।