সোমবার, আগস্ট ১৭, ২০২৬

আমতলীতে শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

আবু জিহাদ আমতলী  প্রতিনিধি:
বরগুনার আমতলীতে নবম শ্রেণির শিক্ষার্থী জাবেদ ইমন (১৫) হত্যার বিচার, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীরা।
 এ সময় সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়ে যানজটের সৃষ্টি হয়।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমতলী পৌর শহরের চৌরাস্তায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা ইমন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও রহস্য দ্রুত উদঘাটনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।
অবরোধকারীরা বলেন, মাত্র ১৫ বছর বয়সী একজন স্কুলছাত্রকে এভাবে প্রাণ হারাতে হয়েছে—এ ঘটনায় পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী গভীরভাবে মর্মাহত। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন না হওয়া পর্যন্ত তাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত শেষ করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
 এ সময় বিক্ষোভকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন।
নিহত জাবেদ ইমন আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পূর্ব আরপাঙ্গাশিয়া গ্রামের আউয়াল প্যাদার ছেলে। সে আমতলী সরকারি এ কে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পশুরবুনিয়া স্লুইস গেট এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে আমতলী থানা পুলিশের প্রচেষ্টায় মরদেহটির পরিচয় জাবেদ ইমন হিসেবে শনাক্ত করা হয়।
ইমনের পরিচয় নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যেও ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। একজন কিশোর শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
এদিকে, ইমন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় দ্রুত বেরিয়ে আসবে এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
অবরোধের কারণে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে সংশ্লিষ্টদের আশ্বাস ও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অবরোধ তুলে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
ইমন হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন নিহতের পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা।

আরো পড়ুন

মৌসুমি নিম্নচাপে উপকূলে মুষলধারে বৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপকূলে মৌসুমি নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *