বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওস্তা বাড়ি এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এ কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, রাজাপুর উপজেলা যুবলীগ নেতা রিজভী সাব্বিরের পক্ষে ছাত্রলীগ নেতা মো. নাইমুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে শেখ মুজিবুর রহমানের ছবির সামনে হাতে মোমবাতি জ্বালিয়ে সাবেক এমপি আমির হোসেন আমু, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির, ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি মধুসহ তাদের নাম নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়। এরপর উপস্থিত সবাইকে তবারক হিসেবে খিচুড়ি খাওয়ানো হয়। এ সময় হাফিজুল ইসলাম, ওবায়দুল ইসলামসহ রাজাপুর উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে গালুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবুর পক্ষ থেকে গালুয়া মীরা বাড়ি হাফিজি মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়।
এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের এমন কর্মসূচি পালনের ঘটনায় স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।ছাত্রদল নেতা শাহনেওযাজ তুহিন বলেন এনসিপির রুট লেভেলে তাদের অবস্থান একদমই নাজুক তাই তাদের সংগঠন মফস্বলে তৈরি করার জন্য ছাত্রলীগ/আওয়ামীলীগ ও দলছুটদের নিয়ে কার্যক্রম পরিচালনা করার পায়তারা চালাচ্ছে। মূলত এদের কারণে ১৫ আগস্ট পালনে দুর্বৃত্তরা সাহস দেখিয়েছে।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অভিক মৃধা বলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামীলীগ মাথাচাড়া দেওয়ার পেছনে উপজেলা সংগঠন এর দুর্বলতা রয়েছে।
সাবেক ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন বলেন রাজাপুরের বিএনপি, যুবদল ও ছাত্রদলের পদধারী কিছু হাইব্রীড মার্কা নেতাদের ছত্রছায়ায় ৫ আগষ্টের পরে আওয়ামী লীগের দোসররা বেড়ে উঠছে। বিএনপির নেতাদের আশ্রয়-প্রশ্রয়ের কারণেই তারা এ ধরনের কর্মসূচি পালন করার সাহস পাচ্ছে।
ছাত্রদল নেতা সাকিব অভিযোগ করেন, রাজাপুর থানার আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনিকভাবে তেমন কোনো ভূমিকা পালন করছেন না। এ কারণে রাজাপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সময় প্রকাশ্যে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।এছাড়া দীর্ঘবছর ধরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি দিয়ে সাংগঠনিক কার্যক্রম চালানোর ফলে কিছুটা অনুপ্রবেশ ঘটেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, “ফ্যাসিবাদের সঙ্গে যারা জড়িত, তাদের কাউকে আমাদের দলের সঙ্গে যুক্ত করা যাবে না। এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
”
উপজেলা বিএনপির সহ সভাপতি আবদুল হক নান্টু বলেন, বিএনপির সাংগাঠনিক দূর্বলতা নাই।আমরা আরো নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামীলীগ খুজছি তাদের প্রতিহত করার জন্য।
এ বিষয়ে বক্তব্য জানতে রাজাপুর থানার ওসি তদন্ত ফিরোজ কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য দিতে রাজি না হয়ে ওসির সঙ্গে কথা বলতে বলেন। এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বক্তব্য দিতে রাজি না হয়ে মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাহ্ আলম বলেন, “ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। এদের প্রকাশ্যে এসে কার্যক্রম করা নিষেধ। এ ঘটনা জানা নেই। খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে এ ধরনের কর্মসূচি পালনের ঘটনা নিয়ে প্রশাসনের নজরদারি ও আইনগত পদক্ষেপের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।