মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরে ঝড়ো বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা ১০ জেলেকে পৃথক দুটি মাছধরা ট্রলারের জেলেরা উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে এসেছেন। তবে দুর্ঘটনায় ট্রলারটি ও এতে থাকা মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়নি।
সোমবার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীর সমুদ্রে হাইরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রলারের মালিক শামিম রেজা জানান, সোমবার ভোর রাতে কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের আশাখালী এলাকা থেকে ১০ মাঝিমাল্লা নিয়ে তাঁর মাছধরা ট্রলারটি সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয়। পায়রা বন্দর থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে হাইরের চর এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হয়। একই সঙ্গে সাগরে বড় বড় ঢেউ উঠলে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
তিনি বলেন, ট্রলারডুবির পর আশপাশে থাকা একটি মাছধরা ট্রলারের জেলেরা দ্রুত এগিয়ে এসে সাতজনকে উদ্ধার করেন। বাকি তিনজন জেলে কিছু সময় নিখোঁজ ছিলেন। পরে দুপুরের দিকে অপর একটি ট্রলারের জেলেরা তাঁদেরও উদ্ধার করেন। উদ্ধার হওয়া ১০ জেলেই বর্তমানে সুস্থ আছেন।
ট্রলারের মালিক শামিম রেজা বলেন, দুর্ঘটনায় তাঁর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ট্রলার ও মাছ ধরার সরঞ্জাম হারিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। তবে সব জেলে জীবিত ও নিরাপদে ফিরে আসায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি।
এদিকে বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারডুবির ঘটনায় উপকূলের জেলেদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মাছধরা নৌযানগুলোকে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
উল্লেখ্য, মৌসুমি নিম্নচাপের প্রভাবে পায়রাসহ দেশের সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত জারি রয়েছে। এমন পরিস্থিতিতে গভীর সমুদ্রে মাছধরা নৌযান চলাচলে বাড়তি সতর্কতা প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।