শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

বরিশাল সদরের শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক : মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী বরিশাল সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্ব ও প্রত্যক্ষ মনিটরিংয়ে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করছেন। বিদ্যালয় প্রাঙ্গণ, শ্রেণিকক্ষ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানা বলেন, পরিচ্ছন্ন বরিশাল সদর উপজেলা বিনির্মাণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিচালিত এ কার্যক্রম একটি সবুজ পদক্ষেপ। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, বরিশাল সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘পরিচ্ছন্ন ও নান্দনিক ক্যাম্পাস’ প্রতিযোগিতা আয়োজন করা হবে। এক মাসের মূল্যায়নের মাধ্যমে সবচেয়ে পরিচ্ছন্ন ও নান্দনিক তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান, সভাপতি ও কার্যক্রমের সঙ্গে জড়িতদের সম্মানিত করা হবে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন ও তদারকি করা হয়েছে। এর মধ্যে রয়েছে—দরগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব গণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (কাশিপুর), কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিল্ববাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়, রায়পাশা ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়, ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় (কলেজ রোড), আলহাজ্ব আবদুল মজিদ খান মাধ্যমিক বিদ্যালয় এবং ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়।

শিক্ষক-শিক্ষার্থীরা জানান, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর হচ্ছে। পাশাপাশি নিজেদের বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখার দায়িত্ববোধও শিক্ষার্থীদের মধ্যে তৈরি হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ কার্যক্রম নিয়মিত ও কার্যকরভাবে পরিচালিত হলে বরিশাল সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক পরিবেশ গড়ে উঠবে।

আরো পড়ুন

আমতলীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

আবু জিহাদ আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজাসহ মোসাঃ সালমা আক্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *