শনিবার, আগস্ট ২২, ২০২৬

পিরোজপুরে চা দোকানদারকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

‎জাকির ফরাজীঃ পিরোজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কৃষ্ণনগর এলাকায় নিক্সন তালুকদার (৪৫) নামে এক চা দোকানদারকে লোহার পাইপ, হাতুড়ি ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে। আহত নিক্সন তালুকদার বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
‎গত ২০ আগস্ট দুপুর দেড়টার দিকে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় একই দিন রাতে পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ করেন নিক্সন তালুকদারের মেয়ে ছামিয়া আক্তার (২১)। অভিযোগে একই এলাকার বেল্লাল শেখ (২৫) পিতা: মৃত: জামাল শেখ, সুমন শেখ (২২) পিতা: আলাউদ্দিন শেখ, কাইয়ুম শেখ ও কামরুল শেখ (২৩) পিতা: মৃত আমজাদ শেখ-এর নাম উল্লেখ করা হয়েছে।
‎অভিযোগ সূত্রে জানা যায়, নিক্সন তালুকদার পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে চায়ের দোকান পরিচালনা করে আসছেন। তার মেয়ে ছামিয়া আক্তারের অভিযোগ, অভিযুক্তরা বিভিন্ন সময় নানা অজুহাতে তার বাবার কাছে টাকা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে চাপ ও হুমকি দিয়ে আসছিলেন।
‎ছামিয়া আক্তারের অভিযোগ, গত ২০ আগস্ট দোকান থেকে বাড়ি ফেরার পথে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে আগে থেকে অবস্থান নেওয়া অভিযুক্তরা তার বাবার ওপর হামলা চালান। এ সময় লোহার জিআই পাইপ, হাতুড়ি ও লাঠি দিয়ে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান।
‎পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
‎ছামিয়া আক্তার বলেন, “আমার বাবা দীর্ঘদিন ধরে চায়ের দোকান পরিচালনা করে আসছেন। অভিযুক্তরা বিভিন্ন সময় তার কাছে টাকা দাবি করতেন। টাকা দিতে না পারায় তাকে বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হতো। ঘটনার দিন তারা আমার বাবার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করেছি। কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।”
‎এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সঠিকভাবে তদন্ত করে কারণ উদঘাটনের জন্য একজন তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
‎এদিকে, অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন

আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

‎জাকির ফরাজীঃ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টাকার বিনিময়ে কোচিং করানোর অভিযোগ, কঠোর অবস্থানে জেলা প্রশাসন ‎ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *