জাকির ফরাজীঃ পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠী এলাকায় তাসের মাধ্যমে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তাস ও জুয়ার টাকা জব্দ করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণকাঠী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজিব হাওলাদার (৩৩), ঠিকানা বাগেরহাট; মো. সোহরাব শেখ (৪৫), ব্রাহ্মণকাঠী, পিরোজপুর পৌরসভা; মো. তাইজুল ইসলাম (৪৫), বাগেরহাট; মো. বেল্লাল সরদার (৪৭), মো. রুস্তুম খান (৫৮) এবং স্বপন পাল (৫৫), তারা সবাই কদমতলা, পিরোজপুরের বাসিন্দা।
পুলিশ জানায়, ব্রাহ্মণকাঠী এলাকায় স্বপন পালের বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসে—এমন গোপন তথ্যের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তাস খেলারত অবস্থায় ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা জব্দ করা হয়।
সদর থানার এসআই আব্দুর রহিম বলেন, “ব্রাহ্মণকাঠী এলাকায় স্বপন পালের বাড়িতে নিয়মিত জুয়া খেলা হয়—এমন গোপন তথ্য পাওয়ার পর ওসি স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করি। এ সময় আসামিদের তাস খেলা অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার এবং তাস ও জুয়ার নগদ টাকা জব্দ করা হয়।”
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “সকল ধরনের অপরাধ দমনে পিরোজপুর সদর থানা পুলিশ সর্বদা সজাগ রয়েছে। এরই ধারাবাহিকতায় জুয়ার আসর থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রুজু করে শনিবার (২২ আগস্ট) সকালে আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫, ১৮ ও ১৯(১) ধারায় মামলা করা হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।