নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির নলছিটি উপজেলার ১নং ভৈরবপাশা ইউনিয়নের ছোট প্রমেহার গ্রামে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাত ও পিটুনিতে একই পরিবারের ৩ ভাই গুরুতর আহত হয়েছেন।
গত ২১ আগস্ট দুপুর আনুমানিক দুইটার দিকে নিজ বাড়ির রাস্তার সামনে এ ঘটনা ঘটে।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে হাওলাদার বাড়ি জামে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে মোল্লা বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠি, রড, জিআই পাইপ ও ধারালো চাকু নিয়ে তাদের পথরোধ করে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
এ হামলায় ধারালো চাকুর কোপে মোজাম্মেল হক (৪৩) এর কপাল ও হাত গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে অন্য ভাই আল মামুন (৩৮)-কে রড ও লাঠি দিয়ে পিটিয়ে ডান পায়ের হাড় ভেঙে ফেলাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। এছাড়া বড় ভাই রেজা (৪৪)-কেও মারধর করা হয়। চিৎকার শুনে স্বজন ও স্থানীয় মুসল্লিরা এগিয়ে এলে হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।
আহত মোজাম্মেল খানের স্ত্রী এলপি খানম জানান, ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহত মোজাম্মেল খান ও তার ভাই চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী রেজা বাদী হয়ে ওয়াসিম উদ্দিন, জসিম উদ্দিন, জামাল হোসেনসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে নলছিটি থানায় লিখিত অভিযোগ দেন।
নলছিটি থানার উপ পুলিশ পরিদর্শক রুম্মান জানান, লিখিত অভিযোগটি পেয়েছেন। ঘটনার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।