মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক।
দণ্ডপ্রাপ্ত রাসেল হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম হারুন অর রশিদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক জানান, রাসেল নিজেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে কুয়াকাটার ‘সী স্টার’ হোটেলের ৩৯ নম্বর কক্ষ ভাড়া নেন। সেখানে তিনি তাঁর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অবস্থান করছিলেন। এ সময় একটি বিকাশের দোকানে ৩০ হাজার টাকা রিচার্জ করেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, রাসেল ৪৪তম বিসিএসের গেজেটে ২৩২ নম্বর ক্রমিকে থাকা ‘মো. রাসেল মিয়া’র নাম পরিবর্তন করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে ‘মো. রাসেল হাওলাদার’ করেছেন। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্রও জালিয়াতি করেছেন বলে অভিযোগ পাওয়া যায়।
পরে বিষয়টি যাচাই-বাছাই করে প্রতারণার প্রমাণ পাওয়ায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় রাসেল হাওলাদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।