মাহতাব হাওলাদার, মহিপুর : পটুয়াখালীর কলাপাড়ায় ব্যবসা-বাণিজ্যের পরিবেশ স্বস্তিদায়ক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। তিনি বলেছেন, কোনো ব্যবসায়ী ব্যবসা পরিচালনায় সমস্যা বা হয়রানির শিকার হলে তাঁকে জানাতে পারেন।
শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টায় কলাপাড়া পৌরসভা অডিটরিয়ামে কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবিএম মোশাররফ হোসেন বলেন, কোনো ব্যবসায়ীকে বাকিতে পণ্য দিতে বাধ্য করা বা ব্যবসা-বাণিজ্যের পরিবেশ বাধাগ্রস্ত করার মতো অভিযোগ পাওয়া গেলে দল ও প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। ব্যবসায়িক পরিবেশ স্বস্তিদায়ক রাখতে সরকার ও দল কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
কলাপাড়া শহর পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। শহরের মাঝ দিয়ে প্রবাহিত ড্রেনেজ খালে পলিথিন, প্লাস্টিক ও গৃহস্থালি বর্জ্য না ফেলার জন্য ব্যবসায়ীসহ নগরবাসীর প্রতি আহ্বান জানান। পৌরসভার ‘গ্রিন কলাপাড়া-ক্লিন কলাপাড়া’ কর্মসূচির আওতায় বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ শুরু হওয়ায় তিনি উদ্যোগটির প্রশংসা করেন।
সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপুসহ ব্যবসায়ী সমিতি ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ রাসেল ও অর্থ সম্পাদক মো. জাফর বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু তালেব ইভান মাতুব্বর ও রাশেদ মোশাররফ কল্লোল বিশ্বাস।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।