মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

আদালত ভবন থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা: কর্মস্থলে লাঞ্ছনার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলার বেলকনি থেকে পড়ে বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার মো. নাজমুল হক (৩২) নিহত হয়েছেন। নিহতের পরিবার দাবি করেছে, কর্মস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মানসিক নির্যাতন ও শারীরিক লাঞ্ছনার শিকার হয়ে তিনি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার পুলিশ জানায়, আদালতের ১০ তলা ভবন থেকে লাফ দিয়ে ক্যাশিয়ার নাজমুল হকের মৃত্যু হয়। নিহতের বাবা মো. এনামুল হক মৃধা অভিযোগ করেন, সম্প্রতি কলেজের অডিটে ট্রেজারি চালানের ৩ লাখ ৪৪ হাজার ৭৬০ টাকার গরমিল ধরা পড়ার পর থেকে নাজমুলকে তীব্র মানসিক চাপের মধ্যে রাখা হয়েছিল।

এনামুল হক মৃধা সাংবাদিকদের বলেন, গত ৪ তারিখে আমার ছেলেকে ব্যাংকের কক্ষে ডেকে নিয়ে অধ্যক্ষ ড. আবদুস সালাম হাওলাদার, অ্যাকাউন্ট্যান্ট শেখ ফরিদ ও প্রধান সহকারী হাফিজা আক্তার অমানবিক নির্যাতন ও গালিগালাজ করেন। এমনকি আমার সামনেই তার ওপর হাত তোলা হয়।

পরবর্তীতে পুনরায় ডেকে নেওয়া হলে এই লাঞ্ছনা সইতে না পেরে সে এই পথ বেছে নেয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ ড. আবদুস সালাম। তিনি জানান, অডিটের নিয়ম অনুযায়ী কেবল হিসাবের গরমিল খতিয়ে দেখা হচ্ছিল এবং তাকে টাকা ফেরত দেওয়ার বিষয়টি বলা হয়েছিল।

অধ্যক্ষ সালাম বলেন, “আমাদের কোনো কর্মকর্তা তাকে শারীরিক বা মানসিকভাবে লাঞ্ছিত করেননি। নিয়মমাফিকভাবেই অডিটের বিষয়টি দেখা হচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি মনিরুল ইসলাম বলেন, ১০ তলার বেলকনি থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন কি না এবং এর পেছনে কোনো প্ররোচনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন

বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন বান্দরোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *