হিজলা প্রতিনিধি: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (০৮-২৯) অক্টোবর ২২ দিন “মা ইলিশ সংরক্ষণ ও নিষিদ্ধকালীন সময়ে আইন বাস্তবায়নের লক্ষ্যে” বরিশালের হিজলা উপজেলায় উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর),সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার ।
সভায় জানানো হয়, আগামী ০৮-২৯ অক্টোবর পর্যন্ত ২২দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। এ সময় ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিপণনের ওপর সরকারি নিষেধাজ্ঞা কার্যকর থাকবে । নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করবে।
সভায় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, সমবায় কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার, উপজেলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এছিনুল হক, কোস্টগার্ডের সিসি মোঃ মনসুর হেলাল, জাতীয় মৎস্য সমিতির আহ্বায়ক শাজাহান রেজা, সদস্য সচিব সোলাইমান জমাদার, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ রফিক সরদার, ক্ষুদ্র মৎস্যজীবী দলের সভাপতি মোঃ ফারুক খান, সদস্য সচিব বাসার বাঘা, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার বলেন, মা ইলিশ রক্ষা করা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। নিষিদ্ধকালীন সময়ে কোনো জেলে যাতে নদীতে নেমে ইলিশ শিকার করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জেলেদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সরকারি সহায়তা সঠিকভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে ইলিশ শিকারে নামলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ এবং হিজলার মানুষের জীবন-জীবিকার সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িত। মা ইলিশ রক্ষায় নিষিদ্ধকালীন সময়ে সবাইকে আইন মেনে চলতে হবে। জেলেদের সচেতন করার পাশাপাশি প্রকৃত অসহায় জেলেদের সরকারি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। মা ইলিশ রক্ষা করা গেলে ভবিষ্যতে নদীতে ইলিশের উৎপাদন বাড়বে এবং এর সুফল জেলে সমাজসহ দেশের মানুষ পাবে।
সভায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে নদীতে নিয়মিত অভিযান, বাজার ও মাছঘাটে নজরদারি বৃদ্ধি এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।