নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন বান্দরোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জনসাধারণের চলাচলের পথ দখল ও অবৈধ পার্কিংসহ বিভিন্ন অপরাধে ৬টি মামলা দায়ের করা হয়েছে।
এসব মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে সড়ক ও জনসাধারণের চলাচলের পথে থাকা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে এবং অবৈধভাবে পার্কিং করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারায় অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে ‘মায়ের দোয়া’ ও ‘শাহীন হোটেল’কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় অর্থদণ্ড করা হয়। বিসিসি সূত্রে জানা গেছে, অভিযানে মোট ৬টি মামলা দায়ের করে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পাশাপাশি নগরবাসীর স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিভিন্ন অবৈধ স্থাপনা ও দখল অপসারণ করা হয়। নগরীর সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।