মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর পায়রা বন্দরে ৬২ হাজার ১০০ মেট্রিক টন কয়লাবাহী একটি মাদার ভ্যাসেল নোঙর করেছে। ‘এমভি এমবিএস তাইসি’ নামের সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।
সোমবার (২ নভেম্বর) রাতে জাহাজটি পায়রা বন্দর চ্যানেলের বহির্নোঙরে এসে পৌঁছায়। জাহাজটির দৈর্ঘ্য ১৯৯ মিটার এবং প্রস্থ ৩২ মিটার। এর গভীরতা সাড়ে ১৩ মিটার। গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে জাহাজটি যাত্রা শুরু করে।
বন্দর সূত্রে জানা গেছে, এ কয়লা পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে।
পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান জানান, সোমবার রাতে মাদার ভ্যাসেলটি নির্বিঘ্নে বন্দরের বহির্নোঙরে পৌঁছে নোঙর করে। বুধবার (৪ নভেম্বর) থেকে লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে। অর্ধেকের বেশি কয়লা খালাসের পর মাদার ভ্যাসেলটি টার্মিনালে গিয়ে বাকি কয়লা খালাস করবে।
বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান জানান, এখন থেকে বন্দরে একের পর এক জাহাজ আসবে। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে পায়রা বন্দর আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।