শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

পুরনো বান্ধবীদের মিলনমেলায় মুখর বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক : শ্রেণিকক্ষের সেই চেনা বারান্দা, খেলার মাঠ আর বিদ্যালয়ের আঙিনা। সময়ের ব্যবধানে কেউ হয়েছেন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, রাজনীতিবিদ কিংবা সফল উদ্যোক্তা। জীবনের প্রয়োজনে ছড়িয়ে পড়েছেন দেশ-বিদেশের নানা প্রান্তে।

কিন্তু প্রিয় বিদ্যাপীঠের প্রতি টান কমেনি একটুও। তাই শতবর্ষের উৎসবে স্মৃতির টানে আবারও এক হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার প্রাক্তন ছাত্রী। বয়স, পেশা আর সামাজিক পরিচয়ের ব্যবধান ভুলে সবাই ফিরে গেছেন স্কুলজীবনের দুরন্ত দিনগুলোতে। পুরনো বান্ধবীদের সঙ্গে দেখা, স্মৃতিচারণ, হাসি-আড্ডা আর আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে বরিশালের ঐতিহ্যবাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ।

বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী উৎসবে অংশ নিতে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছেন প্রাক্তন ছাত্রীরা। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে অনেকেই খুঁজে ফিরেছেন ফেলে আসা শৈশবের স্মৃতি।কেউ পুরোনো সহপাঠীকে পেয়ে আবেগাপ্লুত হয়েছেন, কেউ আবার স্মৃতিময় মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন। বয়সের ব্যবধান কিংবা পেশাগত পরিচয় ভুলে সবাই যেন আবার স্কুলের ছাত্রী। শুক্রবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। প্রাক্তন ছাত্রীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি নগরীর বগুড়া রোড ও সদর রোড হয়ে ফজলুল হক অ্যাভিনিউ প্রদক্ষিণ করে নগর ভবনের সামনে দিয়ে আবার বিদ্যালয়ে ফিরে আসে।

এতে নেতৃত্ব দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। শতবর্ষ পূর্তি উপলক্ষে নতুন সাজে সাজানো হয়েছে বিদ্যালয়টি। প্রায় এক মাস ধরে চলে উৎসবের প্রস্তুতি। শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক ও সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন পুরো আয়োজনের সার্বিক তদারকি করছেন।

শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দুই দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ বেগম সেলিমা রহমান এমপি এবং বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা, স্বাগত বক্তব্য, বিশেষ অতিথিদের বক্তব্য, স্মরণিকার মোড়ক উন্মোচন ও প্রধান অতিথির বক্তব্যের পর বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। প্রথম দিনের আয়োজনে রয়েছে প্রাক্তন ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড সংগীত। দ্বিতীয় দিনেও থাকছে নানা ব্যতিক্রমী আয়োজন। প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মিউজিক্যাল পিলো পাসিং, স্মৃতিচারণ, হাঁড়িভাঙা খেলা, চকলেট দৌড়সহ বিভিন্ন আনন্দঘন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

হিজলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান, ক্ষতি প্রায় কোটি টাকা ঘটনাস্থল পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার ছয়গাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *