আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত সংলগ্ন সমুদ্র রক্ষা বেড়িবাঁধের পাশে সরকারি বাগানের ৮ থেকে ১০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে গভীর রাতে বালু ফেলে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে কুয়াকাটা চৌরাস্তার পশ্চিম পাশে প্রেসিডেন্ট পার্ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বালু সরিয়ে গাছগুলোর গোড়া দেখতে পান। পরে কাটা গাছের গোড়া দেখে ৮ থেকে ১০টি গাছ নিধনের বিষয়টি নিশ্চিত করেন তারা।
খাজুরা ফরেস্ট ক্যাম্পের কর্মকর্তা মো. আমির হামজা বলেন, কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে লেম্বুরবন পর্যন্ত বেড়িবাঁধ টেকসই রাখার জন্য সরকারি উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের বাগান রয়েছে। ওই বাগানের আকাশমণি ও বাবলা প্রজাতির প্রায় ১০টি গাছের গোড়া পড়ে থাকতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কসংলগ্ন পেছনের দিকে ব্যক্তিগত রাস্তা নির্মাণের উদ্দেশ্যে গাছগুলো কেটে সেখানে বালু ফেলা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে বালু ফেলার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তের স্বার্থে আপাতত অভিযুক্তদের নাম প্রকাশ করা হচ্ছে না। বিষয়টি এখনো তদন্তাধীন।
এদিকে স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, গভীর রাতে একদল লোক গাছ কেটে ট্রাকযোগে বালু এনে সেখানে ফেলে রাস্তা নির্মাণের চেষ্টা করেছে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তারা নিশ্চিত নন।
স্থানীয়দের অভিযোগ, সমুদ্র রক্ষা বেড়িবাঁধের পাশে সরকারি বাগানের গাছ কেটে বালু ফেলে জায়গা দখলের এমন চেষ্টা পরিবেশ ও উপকূলীয় সুরক্ষার জন্য উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং সরকারি সম্পদ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।