মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ডালবুগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় ও গতিশীল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় ও গতিশীল করতে ইউনিয়ন পরিষদের সদস্য ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টায় ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে ‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে- চলো যাই গ্রাম আদালতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়েতউল্লাহ জিহাদীর সভাপতিত্বে ও পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. সিয়ামুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কলাপাড়া উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী রাশেদ খান।
এ সময় বক্তব্য দেন ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হক হিরো, মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ, সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক, ইউপি সদস্য মো. জসিম ফরাজী, মো. বাবুল গাজী ও আলাউদ্দিন গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত গ্রামীণ জনপদে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির একটি সহজ ও কার্যকর বিচারিক ব্যবস্থা। এর মাধ্যমে সাধারণ মানুষ অল্প সময়ে এবং স্বল্প খরচে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাচ্ছেন। আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়ানো গেলে প্রত্যন্ত এলাকার মানুষও সহজে এ সেবার আওতায় আসবেন।
বক্তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই এ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি ইউনিয়ন পরিষদ পর্যায়ে এর কার্যক্রম গতিশীল করতে জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চর কাটার অভিযোগ

রিয়াজ ফরাজী: ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একতা বাজারসংলগ্ন চর থেকে অবৈধভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *