মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার প্রসার এবং কেঁচোসার বা ভার্মিকম্পোস্টের বাজার সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সার ডিলার, ব্যবসায়ী, কৃষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টায় কারিতাস মহিপুর কার্যালয়ের আন্ধারমানিক প্রশিক্ষণকক্ষে এ সভার আয়োজন করা হয়। কারিতাস বাংলাদেশের ‘ধরিত্রী’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত সভায় স্থানীয় পর্যায়ে ভার্মিকম্পোস্ট সারের পরিচিতি বৃদ্ধি, বাজারজাতকরণ এবং কৃষকদের মধ্যে এর ব্যবহার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল অঞ্চলের ধরিত্রী ও একরাব প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা জর্জ বৈরাগী। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আশ্রাফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম খান।
অনুষ্ঠানের শুরুতে সার্বজনীন প্রার্থনা পরিচালনা করেন ধরিত্রী প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর কাজল ঘরামী। পরে স্বাগত বক্তব্যে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন সভার সভাপতি জর্জ বৈরাগী। তিনি কারিতাস বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য পরিবেশবান্ধব কৃষি উদ্যোগ গড়ে তোলা এবং এসব উদ্যোগের বাজারসংযোগ তৈরির গুরুত্ব ব্যাখ্যা করেন। এ সময় তিনি কেঁচোসারের ব্যবহারিক উপকারিতা ও বাজারজাতকরণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আশ্রাফ আলী বলেন, কৃষিতে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়ানো সময়ের দাবি। কেঁচোসার মাটির স্বাস্থ্য ও উর্বরতা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে পারে। এ সার সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় সার ডিলার ও ব্যবসায়ীদের বাজারজাতকরণে আরও সক্রিয় হতে হবে। এতে কৃষকের কাছে পরিবেশবান্ধব এ কৃষি উপকরণ সহজলভ্য হবে।
উন্মুক্ত আলোচনা পর্বে কৃষক, সার ডিলার, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। তাঁরা কেঁচোসারের গুণাগুণ সম্পর্কে কৃষকদের সচেতন করা, স্থানীয় বাজারে সরবরাহ বাড়ানো, ব্যবসায়ীদের সম্পৃক্ত করা এবং পণ্যের বাজার সম্প্রসারণে প্রচার-প্রচারণা জোরদারের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে এ উদ্যোগকে টেকসই করতে স্থানীয় পর্যায়ে সমন্বিত কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভায় স্থানীয় সার ডিলার, ব্যবসায়ী, কৃষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য এবং কারিতাসের প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিতাসের মার্কেট প্রমোশন অফিসার অসীম কুমার বিশ্বাস। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্য দেন সভার সভাপতি জর্জ বৈরাগী।
উল্লেখ্য, কারিতাস বাংলাদেশের ‘ধরিত্রী’ প্রকল্পের মূল লক্ষ্য জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য পরিবেশবান্ধব কৃষিভিত্তিক উদ্যোগ গড়ে তোলা এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সহায়তা করা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।