সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

দুই মাদ্রাসায় চাকরি, একই সময়ে বেতন: পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের জিয়ানগরে একটি এমপিওভুক্ত আলিম মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে কর্মরত এক শিক্ষকের বিরুদ্ধে একই সময়ে আরেকটি এমপিওভুক্ত মাদ্রাসা থেকে বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। দুই প্রতিষ্ঠানে পৃথক পদে চাকরি দেখিয়ে বেতন নেওয়ার বিষয়টি সামনে আসার পর প্রায় আড়াই লাখ টাকা ফেরত দেওয়ার কথা স্বীকার করেছেন ওই শিক্ষক। তবে দুই প্রতিষ্ঠানে একই সময়ে চাকরি ও বেতন উত্তোলনের বিষয়ে তিনি স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।
‎
‎অভিযুক্ত শিক্ষক সরোয়ার হোসাইন পিরোজপুরের জিয়ানগর উপজেলার এফ করিম আলিম মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে কর্মরত। তার শিক্ষক ইনডেক্স নম্বর এম-০০০১৩০০। পাশাপাশি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার আবু হুরায়রাহ আদর্শ দাখিল মাদ্রাসায় ইবতেদায়ি জুনিয়র মৌলভী পদে কর্মরত ছিলেন। ওই প্রতিষ্ঠানে তার ইনডেক্স নম্বর ২০০৭৭৬৬।
‎
‎নথিপত্র অনুযায়ী, সরোয়ার হোসাইন ২০০৩ সালের ২৭ জানুয়ারি আবু হুরায়রাহ আদর্শ দাখিল মাদ্রাসায় যোগ দেন। প্রতিষ্ঠানটি ২০০৪ সালের ১ মে এমপিওভুক্ত হয়। পরে ২০২০ সালের ৩১ মে তিনি ওই প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্রটি সেদিনই মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. শাহাদাৎ হোসাইন গ্রহণ করেন। ৭ জুন তৎকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিন হাওলাদারও পদত্যাগপত্রটি গ্রহণ করেন।
‎
‎অন্যদিকে, এফ করিম আলিম মাদ্রাসা ২০১৯ সালের আগস্টে এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠানটির শিক্ষকরা ওই বছরের জুলাই থেকে ২০২০ সালের মে পর্যন্ত বেতন-ভাতা পান। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এফ করিম আলিম মাদ্রাসা থেকে সরোয়ার হোসাইন ২ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা বেতন-ভাতা উত্তোলন করেন। অথচ আবু হুরায়রাহ আদর্শ দাখিল মাদ্রাসা থেকেও তিনি ২০২০ সালের ৩১ মে পর্যন্ত বেতন গ্রহণ করেছেন। এতে দুই প্রতিষ্ঠানে একই সময়ে চাকরি ও বেতন নেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া তার এনটিআরসিএ সনদ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
‎
‎অভিযোগের বিষয়ে সরোয়ার হোসাইন বলেন, এফ করিম আলিম মাদ্রাসা এমপিওভুক্ত হওয়ার আগে তিনি আবু হুরায়রাহ আদর্শ দাখিল মাদ্রাসায় ক্লাস করাতেন। আলিম মাদ্রাসায় বেতন চালু হলে আগের প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করে এখানে যোগ দেন। তবে দুই প্রতিষ্ঠানের হাজিরা খাতায় একই সময়ে স্বাক্ষরের বিষয়ে জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি। এফ করিম আলিম মাদ্রাসা থেকে উত্তোলন করা বেতন ফেরত দেওয়ার কথা জানান তিনি।
‎
‎এফ করিম আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ইকবাল হোসাইন বলেন, সরোয়ার হোসাইন ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি তাদের প্রতিষ্ঠানে যোগ দেন। ওই বছরের অক্টোবরে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলে তিনি নিয়মিত ক্লাস করাতেন। দুই প্রতিষ্ঠানে চাকরির বিষয়টি তারা সম্প্রতি জানতে পেরেছেন। শিক্ষক বেতন ফেরত দেওয়ার কথা বললেও টাকা জমা দিয়েছেন কি না, তা নিশ্চিত নন। বিষয়টি নিয়ে মাদ্রাসার কমিটি সিদ্ধান্ত নেবে।
‎
‎এনটিআরসিএ সনদ যাচাই প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এ নিয়ে কমিটির সভাও হয়েছে। মাদ্রাসার সব শিক্ষকের সনদ যাচাই করা হবে।
‎
‎আবু হুরায়রাহ আদর্শ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. শাহাদাৎ হোসাইন বলেন, সরোয়ার হোসাইন ২০০৩ সালের ২৭ জানুয়ারি ইবতেদায়ি জুনিয়র মৌলভী পদে যোগ দেন। ২০২০ সালের ৩১ মে পদত্যাগপত্র জমা দেন। তখন তারা জানতে পারেন, অন্য একটি প্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে তার চাকরি হয়েছে। পদত্যাগের দিন পর্যন্ত তিনি ওই মাদ্রাসা থেকে বেতন-ভাতা গ্রহণ করেছেন।
‎
‎পিরোজপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী বলেন, একই সময়ে একজন ব্যক্তির দুটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ নেই। কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিলে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
‎

আরো পড়ুন

‘মাদকের  বিস্তার রোধে খেলাধূলাকে এগিয়ে নিতে হবে’ -ভোলা জেলা প্রশাসক

এরশাদ সোহেল: ভোলা জেলা প্রশাসক ডা.শামীম রহমান বলেছেন ‘মাদকের বিস্তার রোধে খেলাধুলাকে এগিয়ে নিতে হবে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *