মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

‘গণতন্ত্রের নামে সহিংসতা হলে কঠোর ব্যবস্থা’ – গণপূর্ত প্রতিমন্ত্রী

ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি : ‎গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, ‘দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা অগ্নিসংযোগ ও সন্ত্রাসী তান্ডব চালানো হয়েছে। গণতন্ত্রের নামে কোন প্রকার সহিংসতা, আগুন সন্ত্রাস ও জানমালের ক্ষতি কোনভাবেই বরদাশত করা হবে না।’
‎
‎তিনি বলেন, ‘এই সন্ত্রাসী গোষ্ঠীর খুনি হাসিনা যেখানেই থাকুক না কেন, তার স্থান বাংলাদেশে নেই। তার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে। হাসিনার বিচার তো হয়েছেই, তার সঙ্গে যারা দোসর আছে, তাদেরও আমি সাবধান করে দিচ্ছি—আপনারা আর ষড়যন্ত্রের দিকে এগোবেন না।’
‎
‎মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৪টায় নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাচনী প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী।
‎
‎প্রতিমন্ত্রী বলেন, রাজনীতি মানে ধ্বংসযজ্ঞ, অগ্নিসংযোগ কিংবা মানুষের জীবন কেড়ে নেওয়া নয়। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা। যারা বিএনপি করেন, তারা কখনো আইন নিজের হাতে তুলে নেন না।
‎
‎তিনি বলেন, গোপালগঞ্জ, ভান্ডারিয়া ও নেছারাবাদসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রশাসন সতর্ক রয়েছে এবং সরকার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জেপি) নেতাকর্মীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
‎
‎বিএনপিকে শান্তিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের মতো ধ্বংসাত্মক রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। অচিরেই গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
‎
‎প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতেই তদন্ত কার্যক্রম পরিচালনা করতে হবে।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব কাজী মো. কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দীন তালুকদারসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরো পড়ুন

নড়াইলে জাসাস নেতা সোহেল রানা হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

জাকির ফরাজীঃ নড়াইলের কালিয়া উপজেলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা সোহেল রানাকে হত্যার প্রতিবাদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *