বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

হিজলায় জমি বিরোধে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল খালেক মাঝির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চরছয়গাও গ্রামের একটি ইটভাটায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন আবদুল খালেক মাঝির ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

আহত খালেক মাঝির ভাই ও যুবদল নেতা ছাত্তার মাঝি অভিযোগ করে বলেন, তাঁদের পৈতৃক সম্পত্তির জমি একটি ইটভাটায় লিজ দেওয়া হয়েছে। কিন্তু এলাকার ইব্রাহিম মাঝি, বিল্লাল মাঝি, আক্তার মাঝিসহ কয়েকজন ব্যক্তি ভুয়া কাগজপত্র তৈরি করে তাঁদের সম্পত্তি দখলের চেষ্টা করেন। এ সময় তাঁর বড় ভাই বাধা দিলে তাঁকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে হামলাকারীরা পালিয়ে যায়।

এদিকে ঘটনার পরপরই হিজলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় অভিযুক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একজন রাজনৈতিক নেতার ওপর এমন হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।

এ বিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

বরিশাল মহানগরীর মজলিসে শুরার প্রথম অধিবেশন সম্পন্ন, ২৫ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি গঠন নতুন মহানগর সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহ্

নিজস্ব প্রতিবেদক:  ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগরীর মহানগরীর মজলিসে শুরার প্রথম অধিবেশন সম্পন্ন, শুরার অধিবেশনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *