বুধবার, মার্চ ২৫, ২০২৬

জামায়াত ক্ষমতায় গেলে সাঈদী হত্যার বিচার করা হবে : জামায়াত আমির

পিরোজপুর প্রতিনিধি : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে, জামায়াতের সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘এ হত্যাকাণ্ডের বিচারের জন্য একটি ভোট এবং একটি আসন খুবই মূল্যবান। এ ছাড়া জামায়াত ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে সব নিহত, হাদি, আবরার ফাহাদ ও মুগ্ধসহ সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ইসলামী জোট মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অতীতে যে সংস্কৃতি ছিল, একজনের ভোট আরেকজন দিত তা আর চলবে না। আগামী নির্বাচনে যার ভোট সে-ই দেবে। তবে যদি কেউ ভোট চুরি কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করে, জামায়াত ছেড়ে কথা বলবে না। তাতে সে যত বড় শক্তিই হোক না কেন।’এ ছাড়া সবার ভোট নিশ্চিত করার লক্ষ্যে এখন থেকেই ভোট পাহারা দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

শফিকুর রহমান দাবি করেন, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরে দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। সেই টাকা ফিরিয়ে এনে দেশে সুষম উন্নয়নের জন্যই জামায়াতকে ভোট দেওয়া প্রয়োজন। তার অভিযোগ, বিগত নির্বাচনগুলোতে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাই ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এ নির্বাচনের মাধ্যমেই দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব শ্রেণি-পেশার মানুষের স্বপ্নের বাস্তবায়ন হবে এবং যোগ্যতা অনুসারে সবার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

জামায়াত আমির বলেন, ‘আওয়ামী লীগ আমলে ১০ টাকা কেজিতে চাল দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু মানুষ সেই চাল পায়নি। এখন আরেকটি দল কার্ডের কথা বলছে। এগুলো সবই ধাপ্পাবাজি। দেশের বিভিন্ন এলাকায় নারীদের সম্ভ্রমহানি করার হুমকি দিয়ে অপমান করা হলেও বিএনপির পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’

তিনি আরো বলেন, ‘আগামী নির্বাচনে ভোট হবে ন্যায় ও ইনসাফের পক্ষে। এটা সেই ইনসাফ যেখানে বিচারের ক্ষেত্রে সাধারণ মানুষ থেকে একজন প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী সবাই সমানভাবে বিবেচিত হবে।’

জামায়াতের পিরোজপুর জেলা কমিটির আমীর তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর- ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদী এবং পিরোজপুর-৩ আসনে এনসিপির মনোনীত প্রার্থী শামীম হামিদীসহ প্রমুখ।

 

আরো পড়ুন

ফরাজগঞ্জ ইউনিয়ন জামায়াতে’র ঈদ পুনর্মিলনী 

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন শাখার আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *