সাম্প্রতিক খবর
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে রাজনৈতিক জনসভা শেষে এক ভিন্ন ও মানবিক দৃশ্যের অবতারণা ঘটে। মুহূর্ত আগেও যিনি বক্তব্য দিয়ে রাজনৈতিক মঞ্চ সরগরম করেছিলেন, কিছুক্ষণ পরেই তিনি শীতলপাটির উপর শুয়ে পড়ে সবাইকে চমকে দেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভা শেষে মঞ্চে ওঠেন অসীম পাটিকর ও সঞ্জীব পাটিকর নামে দুই যুবক। তারা ঝালকাঠির ঐতিহ্যবাহী ব্র্যান্ড পণ্য শীতলপাটি উপহার হিসেবে জামায়াত আমিরের হাতে তুলে দেন।
জানা যায়, নলছিটি উপজেলার শীতলপাটি শিল্পের জন্য খ্যাত পূর্ব কামদেবপুর গ্রামের হিন্দু পাটিশিল্পীদের হাতে তৈরি এই পাটি উপহার দেওয়া হয়। উপহার পাওয়ার পর ডা. শফিকুর রহমান পাটিটি হাতে নিয়ে মঞ্চেই বিছিয়ে দেন এবং সবার বিস্ময়ের মধ্যেই চোখের পলকে শুয়ে পড়েন। এসময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। পরে তিনি পাটিটি সঙ্গে নিয়েই মঞ্চ ত্যাগ করেন।
স্থানীয়ভাবে পেয়ারা ও শীতলপাটি ঝালকাঠি জেলার ঐতিহ্যবাহী প্রাণপণ্য হিসেবে পরিচিত। ঝালকাঠি-১ আসনের জামায়াত প্রার্থী ডা. ফয়জুল হক বলেন, জনসভা শেষে ফেরার সময় আমিরে জামায়াত ঝালকাঠির শীতলপাটি শিল্প সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং এই শিল্প ও শিল্পীদের উন্নয়নে ভূমিকা রাখার আশ্বাস দেন।
উপহার প্রদানকারী সঞ্জীব পাটিকর ও অসীম পাটিকর জানান, নিজেদের হাতে তৈরি ঐতিহ্যবাহী পণ্য তুলে দিতে পেরে তারা গর্বিত। স্থানীয়রা মনে করছেন, এমন উদ্যোগ শীতলপাটি শিল্পকে নতুন করে আলোচনায় আনবে এবং এ শিল্পের সঙ্গে জড়িত কারিগরদের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।