বুলবুল আহমেদ, রাজাপুর : ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড়ে আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এক নির্বাচনী পথসভায় বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময় তিনি ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের পক্ষে ভোট চান।
পথসভায় সাদিক কায়েম বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। তারা ক্ষমতার নয়, আদর্শের রাজনীতি করে। তিনি শহীদ ওসমান হাদী ও শহীদ আবু সাইয়েদের আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, তাদের আদর্শ অনুসরণ করেই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদী আমাদের দেখিয়েছেন কীভাবে ইনসাফ ও আজাদীর পক্ষে কথা বলতে হয়। তার আদর্শ শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সেই আদর্শ অনুসরণ করেই জামায়াত রাজনীতি করছে।
সাদিক কায়েম অভিযোগ করেন, দেশবিরোধী ও আধিপত্যবাদী শক্তি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, ঝালকাঠি-১ আসনে জামায়াতের প্রার্থী ড. ফয়জুল হক শহীদ ওসমান হাদীর আদর্শের উত্তরসূরি। তাকে বিজয়ী করতে পারলে দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।
পথসভায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের প্রার্থী ড. ফয়জুল হক সহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।