সোলায়মান তুহিন, গৌরনদী : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ, জনসভা, পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা এবং নারীদের অংশগ্রহণে দীর্ঘ ভ্যান র্যালীতে অংশ নিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদী গরমগল এলাকায় এম. জহির উদ্দিন স্বপন গণসংযোগ শুরু করেন। পরে ফজিলাতুন্নেছা মহিলা আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
জনসভায় এম. জহির উদ্দিন স্বপন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, কিন্তু ধর্মের নামে যারা রাজনীতি করে এবং ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে জান্নাতের টিকিট বিক্রি করে—তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে এবং প্রতিহত করতে হবে।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বরিশাল-১ আসনে বিএনপির নির্বাচনী মিডিয়া উপকমিটির সমন্বয়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর গাজী, ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল ফকির, বিএনপি নেতা হারুন শিকদার, নলচিড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন বাদল, সদস্য সচিব ফুয়াদ হোসেন এনি, গৌরনদী প্রেসক্লাবের সহ-সভাপতি এম. আলোম, সদস্য সোলায়মান তুহিন, মো. লিটন খান, আবু সাঈদসহ স্থানীয় নেতাকর্মীরা। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
একই দিনে সকাল সাড়ে ১১টায় আগৈলঝাড়া উপজেলার আগৈলঝাড়া গার্লস মডেল বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির উদ্যোগে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে ভোটারদের অধিকার রক্ষা, ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়ায় সতর্ক নজরদারি এবং নির্বাচন কমিশনের আইন ও আচরণবিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা পোলিং এজেন্টদের জন্য অপরিহার্য।
প্রধান অতিথির বক্তব্যে এম. জহির উদ্দিন স্বপন বলেন, “ভোটের দিন প্রতিটি কেন্দ্রেই আমাদের পোলিং এজেন্টদের সজাগ, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের ভোটাধিকার রক্ষার সংগ্রামে পোলিং এজেন্টরাই হচ্ছে সম্মুখসারির সৈনিক।” তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটে বিশ্বাস করে এবং সেই ভোট যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে জন্য পোলিং এজেন্টদের আইনি ও কৌশলগত প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।
প্রশিক্ষণে ভোটগ্রহণ প্রক্রিয়া, আপত্তি উত্থাপন, ব্যালট পেপার ও ব্যালট বাক্সের নিরাপত্তা, ভোট গণনা এবং নির্বাচন সংশ্লিষ্ট আইন সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এতে বিএনপির স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ সম্ভাব্য পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন।
এছাড়াও একই দিন দুপুরে কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে এবং ধানের শীষ প্রতীকের পক্ষে আগৈলঝাড়া উপজেলায় নারীদের অংশগ্রহণে এক বিশাল ভ্যান র্যালী অনুষ্ঠিত হয়। আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এ ভ্যান র্যালীতে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার এলাকায় হাজার হাজার নারী অংশগ্রহণ করেন।
দুপুর ১২টায় আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ভ্যান র্যালীটি গৌরনদী–গোপালগঞ্জ মহাসড়ক ধরে পয়সারহাট পর্যন্ত প্রদক্ষিণ করে। ভ্যান র্যালীর শুভ উদ্বোধন করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন।
ভ্যান র্যালীতে নেতৃত্ব দেন আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফারহানা খানম। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নয়ন খানম, মহিলা দলের নেত্রী অ্যাডভোকেট সাজেদাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রায় পাঁচ শতাধিক রিকশাভ্যান নিয়ে অনুষ্ঠিত এ র্যালীতে নারীদের নিয়ে জামায়াত আমিরের অশালীন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেওয়া হয় এবং একই সঙ্গে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থনের বার্তা দেওয়া হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।