শনিবার, মার্চ ১৪, ২০২৬

তালতলীর সোনাকাটা ইউনিয়নে ‘কমিউনিটি ভিত্তিক দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা’র চূড়ান্ত ভ্যালিডেশন সভা অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি।।

তালতলী উপজেলার বঙ্গোপসাগর ও পায়রা নদীর মোহনায় অবস্থিত ৭নং সোনাকাটা ইউনিয়নে ‘কমিউনিটি ভিত্তিক দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা’-এর চূড়ান্ত ভ্যালিডেশন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ, ২০২৬) সোনাকাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

উপকূলীয় প্রান্তিক জেলে ও সাধারণ মানুষের দুর্যোগ ঝুঁকি হ্রাসের লক্ষ্যে ‘ফিশারফোক ইন্টিগ্রেশন ফর সাসটেইনেবল হ্যাবিট্যাট এন্ড ন্যাচারাল ইকোসিস্টেম ট্রান্সফরমেশন (ফিশনেট)’ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়। প্রকল্পটি সোনাকাটা ইউনিয়নে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি) এবং এতে সার্বিক সহযোগিতা প্রদান করছে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-এর ওশান গ্রান্টস প্রোগ্রাম।

সিপিপি ইউনিয়ন ডেপুটি টিম লিডার মোঃ সোহরাপ ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরাজী মোঃ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইউডিএমসি) সদস্যবৃন্দ, সিপিপি স্বেচ্ছাসেবক, স্থানীয় মৎস্যজীবী প্রতিনিধি এবং সিবিডিপির ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ ইমরান ও বিথী আক্তার।

সভায় তৃণমূল জেলে ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে তৈরি করা খসড়া দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনাটি সকলের সামনে উপস্থাপন করেন ফিশনেট প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রিয়াজুল ইসলাম। উপস্থাপনায় তিনি জানান, অংশগ্রহণমূলক গ্রামীণ সমীক্ষা পদ্ধতির মাধ্যমে এলাকার প্রধান প্রধান আপদ (যেমন: ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বজ্রপাত ও নদী ভাঙন) চিহ্নিত করে একটি সমন্বিত কর্মপরিকল্পনা বা কমিউনিটি অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো দুর্যোগকালীন মৃত্যুহার কমানো এবং জেলে সম্প্রদায়ের ট্রলার ও জালের মতো মূল্যবান সম্পদের সুরক্ষা নিশ্চিত করে তাদের অর্থনৈতিক ক্ষতি কমিয়ে আনা। এই ভ্যালিডেশন সভার মাধ্যমে চূড়ান্ত অনুমোদনের পর, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকার গুরুত্বপূর্ণ স্থানে নির্দেশনামূলক বিলবোর্ড স্থাপন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান ফরাজী মোঃ ইউনুস বলেন, “আমাদের ইউনিয়নটি দুর্যোগের চরম ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত। সঠিক প্রস্তুতির অভাবে প্রতি বছর আমাদের জেলেদের অনেক জানমালের ক্ষতি হয়। সিবিডিপি ও ফিশনেট প্রকল্পের প্রণীত এই বাস্তবসম্মত পরিকল্পনাটি দুর্যোগ মোকাবিলায় আমাদের পথ দেখাবে। এই পরিকল্পনা বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।”

সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ বলেন, “বাইরের কোনো সাহায্যের অপেক্ষায় না থেকে, স্থানীয় জ্ঞান ও সম্পদ কাজে লাগিয়ে কমিউনিটির নিজস্ব সক্ষমতা বাড়ানোই আমাদের মূল লক্ষ্য। সোনাকাটা ইউনিয়নের এই দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনাটি প্রান্তিক জেলেদের জীবন ও জীবিকা রক্ষায় একটি সুসংহত ‘রক্ষাকবচ’ হিসেবে কাজ করবে।”

উন্মুক্ত আলোচনায় উপস্থিত ইউডিএমসি সদস্য, সিপিপি স্বেচ্ছাসেবক ও মৎস্যজীবী প্রতিনিধিরা তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন। সভাপতির সমাপনী বক্তব্য ও আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে জেলে সম্প্রদায়ের নিরাপত্তা, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা এবং আগাম সতর্কবার্তা প্রচারের বিষয়গুলো অন্তর্ভুক্ত করে ‘কমিউনিটি ভিত্তিক দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা’টির চূড়ান্ত অনুমোদন (ভ্যালিডেশন) দেওয়া হয়।

 

 

আরো পড়ুন

রমজানে ত্যাগ স্বীকার করা হল রোজাদারদের অন্যতম বৈশিষ্ট্য-ছারছীনার পীর ছাহেব

 নিজেস্ব প্রতিবেদকঃ আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *