নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে রাইসা ইসলাম নামে এক মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শিশুটিকে পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং মৃত্যুর আগে তার দেয়া একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ঘটনাটি ঘিরে ব্যাপক ধূম্রজালের সৃষ্টি হয়েছে।
নিহত শিশু রাইসা ইসলাম জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাঠমিস্ত্রি নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে শিশুটির ওপর এই অমানবিক নির্যাতনের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাইসার বাবা পেশায় একজন কাঠমিস্ত্রি এবং তার বড় ভাই ঢাকায় একটি ফলের দোকানে কাজ করেন। রাইসার মা অন্যত্র বিয়ে করে চলে গেছেন।
বাবুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম বলেন, ‘শিশুটির অগ্নিদগ্ধ হওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। সেখানে ওই শিশুকে বলতে শোনা যায় যে, কেউ একজন তাকে খারাপ কিছু করতে বলেছিল এবং সে তা পালন করেনি দেখে তার গায়ে আগুন দেয়া হয়েছে।’
ওসি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য বর্তমানে শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। তবে ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।’
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।