সোমবার, জুন ২৯, ২০২৬

কুয়াকাটায় জমি দখল ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

মহিপুর প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটায় জমি দখল, বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. শাহজাহান গাজী।
শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মহিপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।
লিখিত বক্তব্যে শাহজাহান অভিযোগ করেন, বরিশালের বানারিপাড়া উপজেলার কুনদিহার এলাকার বাসিন্দা খন্দকার মো. গোলাম হায়দার সেন্টু দীর্ঘদিন ধরে শাহজাহানের পৈতৃক সম্পত্তি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছেন।
তিনি জানান, পটুয়াখালীর লতাচাপলী মৌজার (হাল মৌজা কুয়াকাটা পৌরসভা ৭ নং ওয়ার্ড) এসএ খতিয়ান নং ৪৮৫-এর অন্তর্ভুক্ত ৫৩৯২, ৫৩৯৩, ৫৩৯৪, ৫৩৯৫, ৫৩৯৬, ৫৪০২ ও ৫৪০৪ দাগের মোট ৬ একর ৮০ শতাংশ জমির মধ্যে ১ একর জমির মূল মালিক ছিলেন তার পিতা মৃত ইয়াকুব আলী গাজী। পিতার রহস্যজনক হত্যার পর তিনিসহ তারা দুই ভাই এবং পাঁচ বোন ওয়ারিশ সূত্রে ওই জমির মালিক হন।
শাহজাহান আরও বলেন, জীবিকার তাগিদে বিভিন্ন স্থানে থাকার সুযোগে অভিযুক্ত সেন্টু জোরপূর্বক জমি দখল করে নেন এবং একাধিকবার তাকে মারধর করেন। এ বিষয়ে আদালতের আশ্রয় নেওয়া হলে তিনি রায় পান। পরবর্তীতে উভয় পক্ষের সার্ভেয়ার ও থানা পুলিশের উপস্থিতিতে জমি মাপজোক করে ৮৮ শতাংশ জমি তাকে বুঝিয়ে দেওয়া হয়। সেখানে তিনি ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন।
অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সেন্টুর নেতৃত্বে তার ভাগিনা তুহিনসহ শতাধিক লোক তার বসতবাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা-জানালা ভাঙচুর করে এবং ভেকু মেশিন দিয়ে ঘর গুঁড়িয়ে দেয়। এ সময় ট্রাকে করে সবকিছু লুট করে নিয়ে যাওয়া হয় বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত খন্দকার মো. গোলাম হায়দার সেন্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে শাহজাহান প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শান্তিপূর্ণভাবে জমি ভোগদখলে থাকার জন্য প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।
এসময় মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, অর্থ সম্পাদক এম পলাশ সরকারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

কৃষিতে নীরব বিপ্লব: সবজির সবুজ সমারোহে স্বাবলম্বী নীলগঞ্জের কুমিরমারা গ্রাম

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রাম আজ কৃষি উৎপাদনের এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *