রবিবার, মার্চ ২৯, ২০২৬

বর্তমান প্রধানমন্ত্রীর আমলে আলেম-ওলামারা মর্যাদা ফিরে পেয়েছেন : রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : বর্তমান প্রধানমন্ত্রীর আমলে দেশের আলেম-ওলামারা তাদের প্রাপ্য মর্যাদা ফিরে পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
রবিবার বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের নিশাতলা ইসলামিয়া জামে মসজিদ ও গারে হেরা মাদ্রাসা এবং স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত ২৭তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাদ্রাসা ও মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্যে রহমাতুল্লাহ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতপার্থক্যকে কখনো ব্যক্তিগত বিদ্বেষে পরিণত করেননি। বরং যেসব আলেম-ওলামা অতীতে তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন, তাদের প্রতিও তিনি সৌজন্য, শ্রদ্ধা ও সম্মানের পরিচয় দিয়েছেন।
তিনি আরও বলেন, যারা অতীতে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, কটূক্তি করেছেন কিংবা রাজনৈতিকভাবে বিরোধিতা করেছেন-তাদের প্রতিও তিনি উদারতা ও সম্মান প্রদর্শন করেছেন। এ ধরনের রাজনৈতিক সৌজন্য বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে এক ইতিবাচক উদাহরণ।
রহমাতুল্লাহ বলেন, সরকার গঠনের আগেও এবং নির্বাচনের পরও প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন মত ও পথের রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে গণতন্ত্র, সহনশীলতা ও রাজনৈতিক সৌজন্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি বলেন, আলেম-ওলামারা সমাজের নৈতিক ভিত্তি শক্তিশালী করেন এবং জাতিকে সঠিক পথ দেখান। তাই তাদের যথাযথ সম্মান, মূল্যায়ন ও রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা একটি দায়িত্বশীল সরকারের কর্তব্য। বর্তমান সরকার সে দায়িত্ব পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম উজ্জল। এসময় আরও উপস্থিত ছিলেন এম এ কাশেম, সিরাজুল ইসলাম লাবু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দেশবরেণ্য ওলামায়ে কেরাম। শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

বরিশালে বাস উল্টে খাদে, নারী নিহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস উল্টে খাদে পড়ে ইতি চক্রবর্তী নামের এক নারী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *