সোমবার, অক্টোবর ৫, ২০২৬

বরিশালে ল’ইয়ার্স কাউন্সিলের ঈদ পুনর্মিলনীতে জামায়াত মনোনীত প্যানেল পরিচিতি

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, বরিশাল আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আসন্ন বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্যানেলের পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে এ প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মাদ বাবর এবং বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল জব্বার।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল বলেন, দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশ এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তিনি অভিযোগ করেন, যারা এই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেনি, তারাই এখন এর সুবিধাভোগী হয়ে নানা উপায়ে অর্জনকে প্রশ্নবিদ্ধ করছে।

তিনি আরও বলেন, শতবর্ষের ঐতিহ্যবাহী বরিশাল জেলা আইনজীবী সমিতি দেশের বহু বরেণ্য ব্যক্তিত্ব তৈরির কেন্দ্র। কিন্তু বর্তমানে দলীয়করণের কারণে এ প্রতিষ্ঠানটি বিতর্কিত হচ্ছে এবং কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে আইনজীবী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। হারানো গৌরব ফিরিয়ে আনতে দুর্নীতি ও নগ্ন দলীয়করণমুক্ত একটি আইনজীবী সমিতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি উপস্থিত আইনজীবীদের উদ্দেশে বলেন, দলমত নির্বিশেষে ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্রার্থীদের নির্বাচিত করলে একটি নিরপেক্ষ ও আইনজীবীবান্ধব সমিতি গঠন সম্ভব হবে। এ প্যানেল নির্বাচিত হলে আইনজীবীদের সমস্যা সমাধান, অধিকার সংরক্ষণ এবং পেশাগত মর্যাদা বৃদ্ধিতে স্বচ্ছতার সঙ্গে কাজ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

অ্যাড. আ.ন.ম. মহিউল ইসলাম তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্যানেল পরিচিতি সভায় আরও উপস্থিত ছিলেন সভাপতি প্রার্থী অ্যাড. মো. সালাউদ্দিন মাসুম, সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাড. মো. ফরিদ উদ্দিন, যুগ্ম সম্পাদক প্রার্থী অ্যাড. রুহুর আমিন খায়ের ও অ্যাড. মো. শাহ আলমসহ অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

বক্তারা বলেন, আইনজীবী সমিতির নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সকল আইনজীবীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তারা দক্ষ, যোগ্য ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এ প্যানেলকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আইনজীবীদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরো পড়ুন

কুয়াকাটায় পর্যটন কার্নিভাল উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা : আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’ সফলভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *