রবিবার, নভেম্বর ৮, ২০২৬

‎গলাচিপায় এক কিলোমিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগ, সংস্কারের দাবি এলাকাবাসীর

‎‎পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের পশ্চিম পোল থেকে এলেমাবাদ ছালেহীয়া দাখিল মাদ্রাসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা। দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।‎

‎সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদা ও পানিতে ডুবে যায়। ফলে যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়ে এবং সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।‎ ‎সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে এলেমাবাদ ছালেহীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রতিদিন কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে তাদের। এতে নিয়মিত শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটার পাশাপাশি শিক্ষার্থীদের ভোগান্তিও বাড়ছে।‎

‎স্থানীয় শিক্ষক আল মামুন বলেন, “বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এই রাস্তাটি এখন যেন একটি যুদ্ধক্ষেত্র। প্রতিদিন কষ্ট করে তাদের যাতায়াত করতে হয়। একজন শিক্ষক হিসেবে বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি পড়লে দ্রুতই রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করা সম্ভব বলে আমরা আশা করছি।”‎

‎স্থানীয় বাসিন্দারা জানান, শুধু শিক্ষার্থী নয়, জরুরি চিকিৎসাসেবার ক্ষেত্রেও এই সড়কের বেহাল অবস্থা বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কোনো মুমূর্ষু রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।‎

‎এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েকশ পরিবারকে।‎ ‎এ বিষয়ে স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার ও পাকাকরণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।

আরো পড়ুন

কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে কারাদণ্ড

মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার মালিককে ১০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *