সোমবার, এপ্রিল ৬, ২০২৬

সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় তালতলীতে সিবিডিপি’র উদ্যোগে জনসচেতনতামূলক পটগান

বরগুনা প্রতিনিধি।।

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে সামুদ্রিক জীববৈচিত্র্য সুরক্ষা ও জেলে সম্প্রদায়ের অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য ‘পটগান’ গানের আসর অনুষ্ঠিত হয়েছে। ফিশনেট (FISHNET) প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি) ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করে।
সাধারণ আলোচনা সভার চেয়ে ঐতিহ্যবাহী লোকজ মাধ্যম প্রান্তিক মানুষের মনে খুব সহজেই দাগ কাটে। এই ধারণা থেকেই সচেতনতা বৃদ্ধির হাতিয়ার হিসেবে গ্রামীণ সংস্কৃতির অন্যতম জনপ্রিয় মাধ্যম পটগানকে বেছে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিল্পীরা গানের সুর, ছন্দ ও অভিনয়ের মাধ্যমে সামুদ্রিক প্রতিবেশ রক্ষা, মাছের অভয়াশ্রম সংরক্ষণ, ক্ষতিকর জালের ব্যবহার রোধ এবং উপকূলীয় পরিবেশের ভারসাম্য বজায় রাখার গুরুত্ব স্থানীয়দের মাঝে তুলে ধরেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘ফিশনেট’ (Fisherfolk Integration for Sustainable Habitat and Natural Ecosystem Transformation) প্রকল্পের মূল লক্ষ্য হলো উপকূলীয় জেলেদের জীবনমান উন্নয়ন এবং সামুদ্রিক প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা। এই পটগানের মাধ্যমে জেলে সম্প্রদায়ের বিভিন্ন ঝুঁকি মোকাবিলা এবং তাদের অধিকার সম্পর্কেও গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া হয়।
এ বিষয়ে সিবিডিপি’র প্রজেক্ট ম্যানেজার মো. রিয়াজুল ইসলাম বলেন, “সোনাকাটা ইউনিয়নের মৎস্যজীবীদের নিয়ে আমাদের ২৫টি প্রাথমিক সংগঠন বা দল রয়েছে। আমরা নিয়মিত সভার মাধ্যমে তাদের বিভিন্ন সংকট ও অধিকার নিয়ে কাজ করছি। আজকের এই পটগানের মূল উদ্দেশ্য হলো, এসব সংগঠনের সদস্য ও তাদের পরিবারসহ পুরো কমিউনিটিকে সামুদ্রিক প্রতিবেশ রক্ষায় আরও বেশি সম্পৃক্ত করা। আমরা বিশ্বাস করি, শুধু আইন প্রয়োগ করে নয়, বরং জেলেদের স্বতঃস্ফূর্ত সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমেই প্রকৃত অর্থে সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব।”

জনসচেতনতামূলক এই আয়োজনে সোনাকাটা ইউনিয়নের স্থানীয় জেলে, নারী ও সাধারণ মানুষের বিপুল ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিনোদনের পাশাপাশি স্থানীয় ভাষায় পরিবেশিত এই শিক্ষণীয় উদ্যোগটি উপকূলীয় জনগোষ্ঠীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সামুদ্রিক পরিবেশ রক্ষায় ও প্রান্তিক জেলেদের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিবিডিপি কর্তৃপক্ষ।

আরো পড়ুন

লালমোহনে জুনিয়র ও এবতেদায়ী বৃত্তি পরীক্ষার ফলাফলে প্রাইভেট প্রতিষ্ঠানের জয়জয়কার

আজিম উদ্দিন খান, লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষায় স্কুল ও মাদ্রাসার ফলাফলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *