শুক্রবার, মে ২২, ২০২৬

বরিশালে গোপন বৈঠক পণ্ড, আ.লীগের ১০ কর্মী-সমর্থকসহ আটক ৩০

নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক পণ্ড করে দিয়েছে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার ভোরে নগরীর বিএম কলেজসংলগ্ন মধু মিয়ার গলির একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অন্তত ১০ কর্মী-সমর্থককে আটক করা হয়। একই দিনে নগরজুড়ে বিশেষ অভিযান চালিয়ে মোট ৩০ জনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

পুলিশ সূত্রে জানা গেছে, মধু মিয়ার গলির একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ‘বেস্ট লাক’ আইটি অফিসে সরকারবিরোধী গোপন তৎপরতা চলছিল। বিশেষ তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল সাতটার দিকে সেখানে অভিযান চালায় কোতয়ালি মডেল থানা পুলিশ। এ সময় আওয়ামী লীগ সমর্থিত ১০ জনকে আটক করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গোপন বৈঠকের মাধ্যমে সরকার পতনের ষড়যন্ত্র করা হচ্ছিল। আটককৃতরা হলেন— আমিনুল ইসলাম ইমরান (২৭), মো. রাতুল খান (২০), মো. জাকারিয়া মীর (২২), মো. ইমন ভূইয়া (২১), মো. ইব্রাহিম (২১), মো. রিয়াদ খাঁন (১৯), মো. তানভীর ইসলাম (২০), মো. রায়হান (২১), মো. মোরছালিন (২১) ও মো. রবিউল ইসলাম (২৬)।

বরিশাল কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মো. নাসিম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে এসআই আব্দুল্লাহ আল জোবায়েরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পরে আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১০ কর্মী-সমর্থককে আটক করা হয়। এ ঘটনায় এসআই ইশতিয়াক আল মামুন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় ১০ জনের নাম উল্লেখসহ মোট ৬০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার বিকেলে আটককৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিএমপি।

শুক্রবার বিএমপি মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক আভিযানিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে।

এছাড়া একটি চোরাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিনজনকে আটক করা হয়েছে। একই অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিনজন, অন্যান্য আইনে একজন, নিয়মিত মামলায় নয়জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ১২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিএমপি জানিয়েছে, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

প্রাণ ফিরে পেলো মহাসড়কের পাশে ময়লা-আবর্জনায় মৃত লেক

ফাহিম ফিরোজ : একসময় যেখানে বিকেলের বাতাসে স্বস্তি খুঁজতেন স্থানীয়রা, সেই লেকপাড়ই পরিণত হয়েছিল দুর্গন্ধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *