নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর গীর্জামহল্লার ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান ‘হক জুয়েলার্স’র স্বত্বাধিকারী মোজাম্মেল হকের সর্বকনিষ্ঠ পুত্র এবং স্পার্ক গ্রুপের চেয়ারম্যান এনামুল হকের ছোট ভাই তরুণ ব্যবসায়ী ও উদ্যোক্তা সিরাজুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১ জুন সকাল ৮টায় মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিরাজুল হক। তিনি দীর্ঘদিন ধরে সেখানে ক্যান্সারের চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি চার মাসের দুগ্ধপোষ্য শিশুসন্তান, স্ত্রী, পিতা-মাতা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও আপনজন রেখে গেছেন।
সিরাজুল হকের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।
এদিকে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের নিবেদিত প্রাণ সিরাজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশীয় সাংস্কৃতিক সংসদ বরিশাল মহানগর শাখা সভাপতি মুহাম্মদ আতিকুল্লাহ ও সাধারণ সম্পাদক আযাদ আলাউদ্দীন, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর পরিচালক নোমান বিন ইউসুফসহ সাংস্কৃতিক সংগঠকবৃন্দ। গতকাল সন্ধ্যায় সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুম সিরাজুল হকের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
শোকবাণীতে ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ী সিরাজুল হকের ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর ইবাদতগুলো কবুল করুন। তাঁর জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন। আর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ আরো বলেন, ইতোমধ্যে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তার অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ্ রাব্বুল আলামীন তার একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও শান্তিময় করে দিন। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।